স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংর্ষে ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে পৌরশহরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদশীরা জানায়, সকালে জেলা শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে কুমিল্লাগামী একটি বিআরটিসি বাস টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার ধামরাই এলাকার লিজা আক্তার (১৬), ব্রাহ্মণবাড়িয়ার মাসুদা আক্তার (২৫), একই এলাকার রফিক মিয়া (৬০)। বাকি আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত সানজুর মোর্শেদ বলেন,‘বাসটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকটিকে আটক করা হয়েছে।


