যাদুকাটা নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নৌকা ডুবে যুবক নিখোঁজ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
যাদুকাটা নদীতে নৌকা ডুবিতে হাসিবুর মিয়া (৩৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া বড়টেক নামক এলাকার যাদুকাটা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ হাসিবুর মিয়া ঘাগটিয়া গ্রামের আক্কেল আলীর ছেলে।
এলাকাবাসী ও নিখোঁজ হাসিবুর মিয়ার পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের জ্বালানির চাহিদা মেটাতে নিখোঁজ হাসিবুর তার স্ত্রীর বড় ভাই মাশুক মিয়ার ছেলে জিয়াউল হক (৯) ও সাইফুল মিয়া (৫) সহ নৌকা নিয়ে যাদুকাটা নদীতে লাকড়ি সংগ্রহ করতে যায়। লাকড়ি সংগ্রহ শেষে নৌকা নিয়ে যাদুকাটা নদীর তীরে আসার পথে নৌকাটি হঠাৎ ধমকা হাওয়ার কবলে পড়ে ডুবে যায়।
এ সময় যাদুকাটা নদীতে পর্যটকবাহী একটি নৌকা ফেরার পথে দুই শিশু নদীর পানিতে তলিয়ে যাচ্ছে দেখতে পেয়ে উদ্ধার করে। কিন্তু এর আগেই নৌকায় থাকা যুবক হাসিবুর মিয়া পানির নীচে তলিয়ে যায়।
এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশর্^বর্তী বিশ^ম্ভরপুর উপজেলার ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে আনার চেষ্টা চলছে।