সজীব দে
বিদায়ের অন্তিম পথে ২০১৭ বছরটি ইতিহাসের পাতায় রেখে গেছে অনেক ঘটনা। বছরজুড়ে সুনামগঞ্জ আলোচিত ছিল হাওরের ফসলহানির নিয়ে। বহুজন করেছেন নানা গুরুত্বপূর্ণ কথা। এসব কথা সমকালে দাগ তো কেটেছেই এখনও এর রেশ বহমান। তাই বছর শেষে আবারও মনে পড়তে চায় সেসব উক্তি। দৈনিক সুনামগঞ্জের খবরের ধারাবাহিক ‘সালতামামি’ এর প্রথম কিস্তিতে আজ এরকম আলোচিত কিছু উক্তি পাঠক সমীপে উপস্থাপন করা হলো।
জানুয়ারি ৫, ২০১৭
‘সুনামগঞ্জে আমি, জগলুল ও মতিউর রহমান ঈমানী ঐক্যে ঐক্যবদ্ধ’
গণতন্ত্রের বিজয় দিবসের সভায় পৌর আওয়ামী লীগের সমাবেশে এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে উদ্দেশ্য করে নুরুল হুদা মুকুট।
জানুয়ারি ১০, ২০১৭
‘অপ্রচারের দাঁত ভাঙা জবাব দেয়া হবে’
দ. সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বর্তমান সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় জগলুল, নুরুল হুদা মুকুট ও মতিউর রহমানকে উদ্দেশ্য করে এম এ মান্নান এমপি
ফেব্রুয়ারি ৪, ২০১৭
‘এমপিরা তৃণমূল নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেছেন, ‘সুনামগঞ্জের ৫ টি আসনের এমপিরা তৃণমূলের দলীয় নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন। জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে দেয়া জামালগঞ্জে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
ফেব্রুয়ারি ৫, ২০১৭
‘আমরা অভিভাবক হারালাম’
বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্ত এমপি’র মৃত্যুতে শোক জানিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এ কথা বলেন। তিনি বলেন, দেশ একজন প্রাজ্ঞ রাজনীতিককে হারালো, আমরা হারালাম একজন অভিভাবককে। বাংলাদেশের অভ্যুদয় থেকে বর্তমান সংসদ পর্যন্ত তিনি উচ্চকণ্ঠে সংসদে সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন।
ফেব্রুয়ারি ২২, ২০১৭
‘রাজাকার, আলবদরদের আ.লীগে ঠাঁই নেই’
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ ও অংসংগঠনের উদ্যোগে মহান ভাষা দিবসের সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম.এনামুল কবির ইমন এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামীলীগের ভিতরে রাজাকার,আলবদর ভাড়াটিয়া নেতাদের চিহ্নিত করে তাদেরকে আওয়ামীলীগ ও অংগসংগঠনের কোন গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভূক্ত করা যাবে না। আমি ৭৫ পরবর্তী আওয়ামীলীগ পরিবারের সন্তানদের খোঁজেখুঁজে নেতৃত্বে সক্রিয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
ফেব্রুয়ারি ২৮, ২০১৭
‘ফসলের কিছু হলে হাওরবাসী কাউকে ছাড়বে না’
ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ দেখতে গিয়ে পাউবো কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, পিআইসি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এ কথা বলেন। তিনি বলেন, পাউবোর গাফিলতির কারণেই বাঁধ নির্মাণ কাজের গতি কম। বাঁধ নিয়ে হাওরের বোরো ফসলের কিছু হলে হাওরবাসী এবার কাউকে ছাড়বে না।’
মার্চ ৫, ২০১৭
‘সুনামগঞ্জে এবার পাউবো’র কাজ একটি সিন্ডিকেট ভাগাভাগি করে নিয়েছে’
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর-মধ্যনগর) আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন রোববার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির বিষয় তুলে ধরে বলেন, সুনামগঞ্জে এবার পানি উন্নয়ন বোর্ডের কাজ একটি সিন্ডিকেট ভাগাভাগি করে নিয়েছে। এ কারণে অধিকাংশ হাওরে এখনো বাঁধের কাজই শুরু হয়নি।
মার্চ ৫, ২০১৭
‘১৪ বাঁধের কাজ শুরুই হয়নি’
১৫ ডিসেম্বরের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু ও ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ১৪টি বাঁধ নির্মাণ কাজ শুরু হয়নি। বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে হাওর ব্যবস্থাপনা ও ফসল সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় বললেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
মার্চ ৫, ২০১৭
‘বাঁধ নির্মাণে দুর্নীতি বন্ধ করতে হবে’
হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে। কারণ বোরো ফসল নিয়ে কৃষকরা সারা বছর স্বপ্ন দেখেন। একটি মাত্র ফসলের উপার্জন থেকে সারা বছরের জীবন যাপনসহ পরিবারের সকল খরচ জোগান নেন তারা। কিন্তু কোন কারণে সেই সোনালী ধান তলিয়ে গেলে সারা বছরের স্বপ্ন নষ্ট হয়ে যায়।
হাওর ও জলমহাল ব্যবস্থাপনায় কৃষিজীবী-মৎস্যজীবীদের অংশগ্রহণ এবং হাওরের ফসল সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
এপ্রিল ৩০, ২০১৭
‘বাঁধ নির্মাণে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে’
বাঁধ নির্মাণে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে বাঁধ নির্মাণের প্রক্রিয়ায় যাতে বিলম্ব না হয়, সময়মত বাঁধ নির্মাণ হয়, সেই ব্যবস্থা করা হবে। দেশে খাদ্য ঘাটতি হয়নি, দুর্যোগের অজুহাত দেখিয়ে কেউ যদি নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে, কোনভাবেই তা বরদাস্ত করা হবে না।
শাল্লা উপজেলার শাহিদ আলী মডেল পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত এক হাজার কৃষক পরিবারের মধ্যে ৩৮ কেজি চাল ও ১০০০ করে নগদ টাকা দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এপ্রিল ৩০, ২০১৭
‘বাঁধ দুর্নীতির তদন্ত চলছে’
-পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ
বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠায় পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড ও দুদক তদন্ত করছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এপ্রিল ৩, ২০১৭
‘পাউবো’র দুর্নীতি খতিয়ে দেখবে আওয়ামী লীগ’
পানি উন্নয়ন বোর্ডের হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখবে আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। সরকার বরাদ্দ প্রদানে কোন ত্রুটি করেনি। অথচ. হাওর রক্ষা বাঁধ নির্মাণে নানা অনিয়মের কথা শুনা যাচ্ছে। এটি মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে ব্যারিস্টার ইমন।
এপ্রিল ৫, ২০১৭
বাঁধ দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত দাবি
পানি উন্নয়ন বোর্ডের যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদার আর পিআইসির দুর্নীতির কারণে মানুষ ফসল ঘরে তোলতে পারে নি তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করা হোক। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত ফঁসলরক্ষা বাঁধের কোন বিল দেওয়া যাবে না।
আলফাত স্কয়ারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
এপ্রিল ৯, ২০১৭
‘অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ২ হাজার কোটি টাকার ফসলহানি’
সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় ২ হাজার ৫৩ কোটি টাকার ফসলহানি হয়েছে
সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তির সমন্বয়ে গঠিত হাওর এ্যাডভোকেসী প্লাটফরম (হ্যাপ)
এপ্রিল ১৯, ২০১৭
‘যারা দুর্গত এলাকা দাবি করে তাদের জ্ঞানই নেই’
দেশে দুর্যোগ ব্যবস্থাপনা নামে একটি আইন আছে। এই আইনের ২২ ধারায় বলা হয়েছে কোন এলাকার অর্ধেকের উপরে জনসংখ্যা মরে যাওয়ার পর ওই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হয়। না জেনে যারা এমন সস্তা দাবি জানায় তাদের জ্ঞানই নেই।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সচিব সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে আন্দোলনকারীদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে এমন মন্তব্য করেন।
এপ্রিল ২৪, ২০১৭
‘হাওর রক্ষা বাঁধের টাকা কাউয়াদের পেটে’
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পিআইসি ও প্রভাবশালী ঠিকাদারসহ একটি প্রভাবশালী সিন্ডিকেট বাঁধ নির্মাণ ও মেরামতের টাকা লুটে খেয়েছে। হাওর রক্ষা বাঁধের টাকা কাউয়াদের পেটে। কাউয়াদের দুর্নীতির কারণেই হাওর রক্ষা বাঁধ নির্মাণ হয়নি।
ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
‘বাঁধ দুর্নীতিতে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না’
বাঁধ দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা তদন্ত করছি, কোথায় কখন কি হয়েছে, আমাদের কাছে সম্পূর্ণ তথ্যগুলো আছে। এই তথ্যগুলো নিয়ে আমরা বসব। ইতোমধ্যে দুর্নীতির ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। দুর্নীতির সঙ্গে যারাই যুক্ত থাকুক কাউকেই ছাড় দেয়া হবে না।’
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার খরচা হাওর, তাহিরপুর উপজেলার শনির হাওর ও বাঁধ পরিদর্শন শেষে সুনামগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মে ২, ২০১৭
‘বাঁধ দুর্নীতিবাজদের শান্তি দিতে হবে’
সরকার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ঠিকভাবে ত্রাণ দিচ্ছে না। আগে বাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে। এখন ত্রাণ অপ্রতুল এবং সঠিকভাবে বিলি হচ্ছে না। আমরা সুনামগঞ্জসহ হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার কথা বলেছি। অন্যথায় কৃষকদের বাঁচানো যাবে না। বাঁধ দুর্নীতিবাজদের শাস্তি দিতে হবে
লক্ষনশ্রী ইউনিয়নের জানীগাঁও গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ শুরু’র আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল নোমান এসব কথা বলেন।
মে ৪, ২০১৭
‘হাওরে দুর্যোগ দেখা দিবে তা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতেন’
এপ্রিল মাসে হাওরে এই মহাদুর্যোগ দেখা দিবে তা সরকার ও হাওর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতেন। কারণ পরিবেশ নিয়ে কাজ করা দুইটি আন্তর্জাতিক সংস্থা বেশ আগেই বলেছিল এপ্রিল মাসে আগাম বন্যা হতে পারে। তবু সরকার কোন উদ্যোগ নেয়নি। যদি ওই সংস্থার আগাম সতর্কতায় হাওরের বাঁধ নির্মাণ ও বোরো ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হত তাহলে এত ক্ষয়-ক্ষতি হতো না।’
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
মে ৭, ২০১৭
‘ফসল নিয়ে জুয়াখেলা বন্ধ করতে হবে’
আমাদের উচিত ছিল আরো আগেই সজাগ হওয়া, হলে ক্ষয় ক্ষতির পরিমাণ কম হতো। এখন সবাই সজাগ হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একাত্তরের পর হাওরে এতবড় দুর্যোগ দেখা দেয়নি। হাওরের ফসল নিয়ে জুয়াখেলা বন্ধ করতে হবে।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে শহরের বিশিষ্টজন ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান।
মে ৯, ২০১৭
‘দুর্নীতিবাজদের যেন ছাড় দেওয়া না হয়’
হাওরে ফসলহানি জাতীয় দুর্যোগ। গোটা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটের পেছনে প্রকৃতি যেমন রয়েছে, তেমনি এটা মানবসৃষ্টও। যারা এর জন্য দায়ী তাদের বিচার করতে হবে। দুর্নীতিবাজদের যেন কোনো ছাড় দেওয়া না হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মানবাধিকার নেত্রী সুলতানা কামাল
মে ১৭, ২০১৭
হাওর দুর্নীতি রুখতে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে
হাওরের দুর্নীতি রুখতে ও সিন্ডিকেট ভাঙতে গণআন্দোলন গড়ে তুলতে হবে। হাওরের দুর্যোগ কোন আঞ্চলিক দুর্যোগ নয়, এটা জাতীয় দুর্যোগ ও দুর্ভোগ।
ঐক্য ন্যাপের সভাপতি ও সম্মিলিত নাগরিক আন্দোলনের সহ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য
মে ২৬, ২০১৭
অন্যের সম্পদ লুণ্ঠনকারীদের ঘৃণা করতে হবে
সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ হাওরাঞ্চলের ফসলহারা ক্ষতিগ্রস্ত মানুষের কথা বিবেচনা করে ইতিমধ্যে সরকার ভিজিএফ চালু করেছেন, এই ভিজিএফ কার্ড আরো বাড়বে। অন্যের সম্পদ লুণ্ঠনকারীদের ঘৃণা করতে হবে।
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ্’র উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
জুলাই ১৫, ২০১৭
‘নেতার পকেটে না ঢুকে নীতির পথে চলুন’
অনেক শ্রমিক নেতা আছেন যারা শুধু নিজের পকেট ভারী করার জন্য নেতাদের পকেটে ঢুকে পড়েন। এটা হলে চলবে না নেতাদের পকেটে না ঢুকে নীতির পথে চলুন। শ্রমিক লীগের কোন নেতাকর্মী অসৎ পথে চললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ
জুলাই ২৬, ২০১৭
‘বেতনের বাইরে কোন সুবিধা বরদাস্ত করা হবে না’
পুলিশ ও জনতার মধ্যে পারস্পারিক সুসর্ম্পকই পারে আইনশৃঙ্খলা ভাল রাখতে। তাই পুলিশ বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহীতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। বেতনের বাইরে কোন ধরনের সুবিধা আমরা বরদাসত করব না। জনগণের ট্যাস্কের টাকায় বেতন নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে।’
সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম
সেপ্টেম্বর ২১, ২০১৭
‘৪ কোটি শিক্ষার্থী উচ্চ শিক্ষিত হলেই দেশ সম্পদে ভরপুর হবে’
বাংলাদেশের সম্পদ বাড়াতে ছেলে-মেয়েদের সমানতালে পড়াশুনা করতে হবে।’ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শিক্ষাবিদ ড. জাফর ইকবাল।
অক্টোবর ২৭, ২০১৭
‘নৌকা নিয়ে শেষ নির্বাচন করতে চাই’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে শেষ নির্বাচন করতে চাই। তারপর আর নির্বাচন করতে বয়সে মানবে না।’ – অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান
অক্টোবর ৩১, ২০১৭
‘আঞ্চলিক ইতিহাসে সমৃদ্ধ হয় জাতীয় ইতিহাস’
সুনামগঞ্জের শিল্প-সংস্কৃতির ইতিহাস বহুকাল আগে থেকেই সমৃদ্ধ। আমরা রাজধানীতে গিয়ে বুঝতে পেরেছি সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা কত বেশি গুণী। অঞ্চলের বা আঞ্চলিক ইতিহাস সমৃদ্ধ হলেই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হবে।
পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক
ডিসেম্বর ১৭, ২০১৭
‘সেবা প্রদান সহজ হয়েছে মোবাইল অ্যাপে’
দেশকে দারিদ্রমুক্ত ও ক্ষুধামুক্ত করতে, উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে মোবাইল অ্যাপের মাধ্যমে সেবা প্রদান সহজ ও দ্রুত হয়েছে।
তথ্যসচিব মরতুজা আহমদ


