যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনার মো. আবদুল হান্নান জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে দিবসের কর্মসূচী শুরু করেন। এই দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে অবস্থানরত স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
তিনি মহান স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে  বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির অভিসংবাদিত নেতা ছিলেন। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালবাসতেন। এই দিনটির মাধ্যমে বঙ্গবন্ধুর শিক্ষা শিশুদের মধ্যে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু তিনি আজও আমাদের মাঝে বেঁচে আছেন। তাঁর আদর্শ ও তাঁর কর্মময় জীবন থেকে দীক্ষা নিয়ে ত্যাগ ও দেশ গড়ার মন্ত্রে দীপ্ত হয়ে প্রতিটি নাগরিককে স্বীয় অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
হাইকমিশনার মো. আবদুল হান্নান বলেন, জাতির পিতার হত্যার পর দেশে দূর্যোগ নেমে এসেছিল। স্বাধীনতা বিরোধী চক্রের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে তিঁনি সকলে আহবান করেন। তিঁনি বলেন, তাঁর আদর্শে আমাদের শিশুদের বাঙালি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
জাতির পিতার বর্ণাঢ্য ও কর্মময় জীবনের উপর আলোচনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন  আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুল রহমান ফারুক, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা কোরাইশী এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসাবে  শিশুদেরকে গড়ে তোলা এবং  শিশুদের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস এবং বঙ্গবন্ধুর অবদান তুলে ধরার আহবান জানান।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তাঁর কর্মময় জীবন থেকে দীক্ষা নিয়ে ত্যাগ ও দেশ গড়ার মন্ত্রে দীপ্ত হয়ে প্রতিটি নাগরিককে স্বীয় অবস্থান থেকে কাজ করতে হবে এবং স্বাধীনতা বিরোধী চক্রের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
এরপর স্বাধিনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
জাতির পিতার জন্মদিন উদযাপনে কেক কাটা হয়।
লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে দৈনিক সুনামগঞ্জের খবরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২০ মার্চ রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে।  প্রেস বিজ্ঞপ্তি