বিশেষ প্রতিনিধি
১৯৭১’এর মুক্তিযুদ্ধে সংগঠিত পেরুয়া-শ্যামারচর হত্যাযজ্ঞে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় তদন্ত সম্পন্ন করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিনিধি দল। তদন্তকালে ২০ জনেরও বেশি বীরাঙ্গনার সন্ধান পেয়েছেন তাঁরা। এর মধ্যে ৩ জনের সাক্ষাতকারও গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার বিকাল ৪ টা পর্যন্ত দিরাই ও শাল্লার সংশ্লিষ্ট সকল এলাকায় গিয়ে ২ দিনের তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা মো. নূর হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের তদন্তদল এই কাজ করেছে।
মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে সুনামগঞ্জ জেলায় পাকহায়েনা ও তাদের সহযোগী বাঙালি দালালরা যে কয়েকটি বর্বরোচিত হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দিরাই উপজেলার পেরুয়া শ্যামারচর হত্যাযজ্ঞ। এখানে ২০ জন নিরীহ বাঙালি গণহত্যার শিকার হন। কয়েক’শ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। নির্যাতন ও ধর্ষণের শিকার হন অসংখ্য মা-বোনেরা। এই ধংসযজ্ঞে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এলাকার সম্ভ্রান্ত পরিবার হিসাবে পরিচিত ‘পেরুয়া বড়বাড়ি’। পেরুয়া বড়বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেওয়া হয়েছিল। এই বাড়ির হেমচন্দ্র রায় এবং চিত্তরঞ্জন রায় গণহত্যার শিকার হয়েছিলেন। এই গণহত্যা এবং পৈশাচিক নির্যাতনের প্রত্যক্ষ স্বাক্ষী কয়েকজন এখনো জীবিত রয়েছেন। কিন্তু পাক হায়েনাদের দোসরেরা এখনো জীবিত এবং প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে সাহস পান না তারা। কেউ কেউ স্বাধীনতা পরবর্তী সময়ে বর্তমান সরকারি দল আওয়ামী লীগের সঙ্গেও যুক্ত হয়ে যাওয়ায় তাদের প্রভাব পাকিস্তান সময়কালের মতো এখনো রয়েছে।
শুক্রবার সকাল থেকে দিনভর তদন্ত সংস্থার প্রতিনিধি দল দিরাইয়ের দৌলতপুর, শর্মা, পেরুয়া, দাউদপুর ও শ্যামারচরের বিভিন্ন বাড়িতে যান। এসময় ৩০ থেকে ৪০ জনের সঙ্গে কথা বলেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। এরমধ্যে এই এলাকার ৩ জন বীরাঙ্গনা, নির্যাতনের শিকার পুরুষ-মহিলা এবং মুক্তিযোদ্ধারাও রয়েছেন। প্রত্যেকের সঙ্গেই আলাদা-আলাদাভাবে কথা বলেছেন তদন্ত কর্মকর্তারা। কে-কী বলেছেন স্থানীয় কাউকেই শুনতে দেওয়া হয়নি।
শ্যামারচরের পাশের এলংজুড়ির ‘টর্চারসেল’ হিসাবে পরিচিত জলদারপুতায়ও গিয়েছেন তদন্ত কর্মকর্তাগণ। শনিবার সকালে শাল্লা উপজেলা সদরে যেখানে ১৯৭১ সালে আর্মিক্যাম্প ছিল (হিন্দু সম্প্রদায়ের আখড়া) এবং যেখানে রাজাকার ক্যাম্প ছিল (বর্তমানে শাল্লা থানা) এসব এলাকায়ও গিয়েছেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা মো. নূর হোসেন বলেন,‘আমরা পৃথক পৃথকভাবে ৩০-৪০ জনের স্বাক্ষ্য নিয়েছি। এসময় ২০ জনের মতো বীরাঙ্গনার নামও শুনেছি আমরা। এর মধ্যে ৩ জনের সঙ্গে কথা বলাও সম্ভব হয়েছে। অন্যরা লজ্জায় হয়তোবা আমাদের সঙ্গে কথা বলতে রাজি হননি। আরো যাচাই-বাছাই করে বীরাঙ্গনা কয়জন রয়েছেন সে তথ্য পাওয়া যাবে’। নূর হোসেন জানান, ঐ সময়ে অপরাধ কর্মে অনেকেরই নাম পাওয়া গেছে। কিন্তু তদন্তের স্বার্থে এবং পালিয়ে যাওয়ার আশংকায় এখন নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে এটি বলা যায় মৃত আব্দুল খালেক চেয়ারম্যানকে ঘিরেই অপরাধীরা সংগঠিত হয়ে শ্যামারচরে গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এবং নারী নির্যাতনের ঘটনা ঘটায়।’
প্রসঙ্গত. এর আগে এই বছরেরই ১ ও ২ জুন এই তদন্তকারী দল দিরাইয়ের শ্যামারচর এলাকায় তদন্ত কার্যক্রম পরিচালনা করে।


