যুবলীগের সংবাদ সম্মেলনে মুকুট শান্তির শহরে যুবলীগের কারণে যেন কোন অশান্তি না হয়

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বলেছেন,‘ যুব সমাজের উপর অনেক কিছুই নির্ভর করে। বর্তমানে যুবলীগ আওয়ামী লীগের অন্যতম একটি শাখা সংগঠন, এই সংগঠন যুবশক্তির সংগঠন। এই সংগঠনের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের অনেক চাওয়া পাওয়ার আছে। তাই কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীকে যেন যুবলীগের সদস্য করা না হয়। সুনামগঞ্জ শহর শান্তির শহর। যুবলীগের কোন সদস্যের কারণে যেন এই শহরে অশান্তি সৃষ্টি না হয়। যুবলীগের নাম ভাঙ্গিয়ে কেউ যেন সুনামগঞ্জের কোথাও চাঁদাবাজী, মাস্তানি, সন্ত্রাস ও অশান্তি সৃষ্টি না করতে পারে সেদিকে জেলা যুবলীগকে সবসময় সতর্ক থাকতে হবে।’
আজ বিকালে জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলকে সংবর্ধনা প্রদান উপলক্ষে জেলা যুবলীগের সংবাদ  সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোমবার দুপুরে জেলা যুবলীগের আয়োজনে শহরের স্টেশন রোডে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, অ্যাড. কলোল তালুকদার চপল, সবুজ কান্তি দাস, রনজিত চৌধুরী রাজন, মিজানুর রহমান মিজান, শিতেশ তালুকদার মঞ্জু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, বিপ্রেশ রায় বাপ্পি, রওনক আহমদ, নিজাম উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, আজ মঙ্গলবার বিকালে শহরের আলফাত স্কয়ারে জেলা যুবলীগের নবনির্বাচিত আহবায়ক খায়রুল হুদা চপলকে সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. বেলাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীমসহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।