স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট এর অকাল প্রয়াত যুব রাজনীতিবিদ মইনুদ্দিন আহমদ জালালের জন্মদিন আজ। সুনামগঞ্জ শহরে ১৯৬৩ সনের ২৪ ডিসেম্বর মইনুদ্দিন জালাল জন্মগ্রহণ করেন। হাজি ইছকন্দর আলী ও সিতারা খানমের পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন একমাত্র পুত্রসন্তান। পিটিআই প্রাথমিক বিদ্যালয়, বিসি হাই স্কুল শেষে সুনামগঞ্জ সরকারি কলেজে পড়াশোনা করেন। স্কুলের ছাত্র হিসেবেই প্রগতিশীল শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সঙ্গে তিনি যুক্ত হন। মইনুদ্দিন আহমদ জালাল তৎকালীন জগন্নাথ কলেজ ঢাকা থেকে স্নাতকোত্তর এবং ঢাকা ল কলেজ থেকে এলএল.বি পাশ করেন। তিনি ১৯৯৪ সালে ৩০ এপ্রিল বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হয়ে সদস্যপদ লাভ করেন। সিলেট আইনজীবী সমিতিতে ১৯৯৪ সালের ১৯ মে যোগদান করেন। একাধারে সুনামগঞ্জ আইনজীবী সমিতি এবং সিলেট কর আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা সাহসী, বিনয়ী, সমাজবিপ্লবী মইনুদ্দিন আহমদ জালাল ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিবেদিত রাজনীতিক। বাংলাদেশ যুব ইউনিয়নের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য, সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি মইনুদ্দিন জালাল সুনামগঞ্জ-সিলেটসহ কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের সংগঠক ছিলেন। আন্তর্জাতিক পরিমন্ডলে যুব-আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক ছিলেন তিনি।
১৯৯১ সালে ঘাতক দালাল নির্মূল কমিটি’র সাথে হয়ে কাজ করেছেন। বহুজাতিক গ্যাস কোম্পানি সিমিটার বিরোধী আন্দোলন সিলেটে তিনি যুক্ত ছিলেন। বহুজাতিক কোম্পানি শেভরন ১৯৯৭ সালে মৌলভীবাজারের মাগুরছড়ায় গ্যাস পুড়িয়ে ধ্বংস করার প্রতিবাদে আন্দোলন, ২০০২-২০০৩ সালে গ্যাস রফতানী করার প্রতিবাদে বিবিয়ানা গ্যাসক্ষেত্র রক্ষার আন্দোলন, ২০০৫ সালে টেংরাটিলা গ্যাস বহুজাতিক কোম্পানি কর্তৃক পোড়ানো, জাতীয় স্বার্থবিরোধী ২০০৫ সালে ফুলবাড়ি কয়লা খনি থেকে উম্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন, ২০১৩ সালে সুন্দরবন রক্ষার প্রতিবাদসহ প্রতিটি গণ ও ন্যায্য সংগ্রামসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি নানাভাবে সক্রিয় ছিলেন।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক প্রগতিশীল, গণতান্ত্রিক ও শোষণ-বঞ্চনামুক্ত রাষ্ট্র বিনির্মাণের সমাজবিপ্লবী মইনুদ্দিন আহমদ জালাল ২০১৮ সালের ১৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।


