যেভাবে ফাঁদে ধরা পড়ল চোরা কর্মচারী

স্টাফ রিপোর্টার
কথায় বলে প্রতিদিন চোরের, একদিন মালিকের। তাই প্রমাণিত হলো শহরের পশ্চিমবাজারের পাইকারী ফল বিক্রেতা নূর হোসেন দোকানের ক্যাশ থেকে টাকা চুরির ঘটনায়। ব্যবসায়ী নূর হোসেন গোপনে ফাঁদ পেতে এক সময়ের বিশ্বস্ত নিজের কর্মচারী অতি চালাক বাদশা নূর (৪০) কে টাকা চুরিতে হাতে নাতে ধরে ফেলেন। মঙ্গলবার দুপুর ২ টায় নূর হোসেনের ফলের দোকান নুপুর ফুড এজেন্সিতে এই ঘটনা ঘটে।
টাকা চুরির পর হাতে নাতে আটককৃত  বাদশা নূর সাংবাদিকদের কাছে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। দোকানের ক্যাশ বাক্স খোলা ছিল তাই সে টাকা হাতিয়ে নিয়েছিল বলে উপস্থিত দোকান মালিকের সামনেই অপকটে স্বীকার করে সে। একটি বিকল্প চাবি দিয়ে দোকানের ক্যাশ বাক্সে রাখা ৫০ টাকার ৫৯টি নোটের বান্ডিল থেকে ৪৭ টি নোট চুরি করে নিয়েছিল বাদশা নূর।
নূর হোসেনের দোকানে ফল সরবরাহের কাজে শ্রমিক হিসাবে গত ২০ বছর ধরে নিয়োজিত ছিল বাদশা নূর। তার বাড়ি সুরমা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। ক্যাশ বাক্স থেকে টাকা চুরির পর আশপাশের উত্তেজিত লোকজন তাকে মারধর করে আটক করে রেখে। আশ পাশের লোকজন টাকা চুরির ঘটনায় বাদশা নূরকে পুলিশে সোপর্দ করার কথা বললেও দোকান মালিক তার আত্মীয় স্বজনকে খবর করে এনে লিখিত অঙ্গীকারনামা রেখে ছেড়ে দেন।
নুপুর ফুড এজেন্সির মালিক নূর হোসেন বলেন, গত ৮ দিন আগে আমার প্রতিবেশী এক দোকানদার আমাকে বলে বাদশা নূর নাকি কিভাবে ক্যাশ বাক্স থেকে প্রায়ই টাকা চুরি করে। প্রথমে এই অভিযোগ বিশ্বাসই হয়নি। কারণ সে গত ২০ বছর ধরে আমার দোকানে কাজ করছে। আমি তাকে নিজের সন্তানের মতই দেখি। তার বাড়ি-ঘর তৈরি করতে আমি সাধ্যমত সহযোগিতা করেছি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করলে তাকে আমি কোন শর্ত ছাড়াই ৫০ হাজার টাকা দিয়েছি। আত্মীয় স্বজনকে সাথে নিয়ে তার এলাকায় গিয়ে ভোট চেয়েছি। সে এই কাজ করব তা স্বপ্নেও কল্পনা করিনি। কিন্ত চুরির অভিযোগটি নিজে দেখার জন্য গত কয়েকদিন ধরেই ফাঁদ পেতে রাখি। সবাই বাসা-বাড়ির কথা বলে দোকান থেকে বের হয়ে যাই। ক্যাশ বাক্সে একটি বান্ডিলে ৫০ টাকার ৫৯টি নোটে এন চিহ্ন লিখে রাখি। আমার ভাগ্না ফয়ছলকে রাস্তার পাশের একটি দোকান থেকে লুকিয়ে নজর রাখতে বলি। সে দরজার ফাঁক দিয়ে নজর রাখছিল। হঠাৎ করে সে দেখে বাদশা নূর দোকানে ঢুকে ক্যাশ বাক্সের কাছে যায়। একটি চেয়ার দিয়ে রাস্তার দিকে বেড়া দেয়। কিভাবে বাক্স খোলে টাকা নিয়ে যায়। ফয়ছলের ফোন পেয়ে দোকানে এসে টাকা নেয়ার কথা জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করে। পরে তার শরীর তাল্লাশী করে সবগুলো টাকা পাই।’