যে কারণে পদ ছাড়তে হলো মুকুটকে

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণার পর শহরজুড়ে আলোচনা হচ্ছিল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট কেন সাধারণ সম্পাদক হতে পারলেন না, এ নিয়ে। নিজেদের মধ্যে আলোচনায় কেউ বলেছেন, ‘গত ডিসেম্বর মাসে ঢাকায় সংসদ সদস্য ও জেলা নেতৃবৃন্দের বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের সঙ্গে রূঢ় আচরণ, সুরমা সেতু উদ্বোধনের সময় একই আচরণ, ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা কমিটি গঠন নিয়ে মোয়াজ্জেম হোসেন রতন এমপি’র সঙ্গে বিরোধে জড়ানো, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা কমিটি গঠন নিয়ে মুহিবুর রহমান মানিকের সঙ্গে বিরোধে জড়ানো। বিশেষ করে দোয়ারাবাজার উপজেলা আহ্বায়ক, সজ্জন রাজনীতিক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীককে কোন কারণ ছাড়াই কমিটি থেকে সরিয়ে দেওয়া এবং জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিতর্কিত রাজনীতিক সৈয়দ রফিককে মঞ্চের সামনের সারিতে বসতে দিয়ে বর্তমান সংসদ সদস্যদের পেছনের সারিতে বসানোয় যারপর নাই ক্ষুব্ধ হয়েছিলেন সংসদ সদস্যরা’। এছাড়া হঠাৎ করে পৌর আওয়ামী লীগের কমিটি বদল করে আরেক কমিটি ঘোষণা দেবার বিষয়টিও সভানেত্রীকে জানান বিক্ষুব্ধরা।
ইদ্রিছ আলী বীরপ্রতীককে সরানো এবং সৈয়দ রফিককে অধিক গুরুত্ব দেওয়ায় সংসদ সদস্যরা আওয়াজ তুলেছিলেন-‘জেলা আওয়ামী লীগে মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃত্ব চাই, দলের সঙ্গে সরকারের সমন্বয় চাই’।
বিক্ষুব্ধ অপর পক্ষের দলীয় নেতা ও এমপিরা এসব বিষয় দলীয় সভানেত্রীকে জানানোয় ক্ষুব্ধ হয়েছিলেন সভানেত্রী।
আবার কেউ কেউ বলেছেন,‘দলীয় সভানেত্রী এখন বিশ্বস্ত নেতৃত্ব চান, যারা নেত্রীকে কখনোই ছেড়ে যাবে না, এই ক্ষেত্রে ১৯৭৫ সালে দলের ক্রান্তিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি’র দায়িত্ব পালনকারী সাবেক সংসদ সদস্য অ্যাড. আব্দুর রইছ এমপি’র ছেলে যুব লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন আস্থাভাজন ছিলেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার’।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একজন দায়িত্বশীল নেতা অবশ্য বলেছেন,‘দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীককে কমিটি থেকে সরানো ও হঠাৎ করে পৌর কমিটি বদল করে আরেক কমিটি গঠন করার দায় অনেকটা নুরুল হুদা মুকুটের উপর পড়েছে’।