আকরাম উদ্দিন
দোয়ারাবাজারের মাঝেরগাঁও পয়েন্ট হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট পর্যন্ত পাকা সড়কের মেরামত না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। অপরদিকে একই সড়কের একাংশ মঙ্গলাগাঁও ইটসলিং সড়কের বেহাল অবস্থা হয়েছে। এই কারণে প্রতিদিন হাজারো মানুষ ও যান চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে। সড়ক দুইটির মেরামতের দাবি স্থানীয়দের।
স্থানীয় ফার্মেসী ব্যবসায়ী ও ডা: মো. কবির আহমদ ভি.ডি বলেন, দীর্ঘ ৫ বছর যাবত স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে সাধারণ রোগী বা গর্ভবতী মায়েরা যানবাহন করে আসা-যাওয়ায় মারাত্মক কষ্ট হচ্ছে। সড়কে গর্ত থাকার কারণে এই ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। সড়কের মেরামত জরুরি প্রয়োজন।
জাকির হোসেন বলেন, এই সড়কের মেরামত কাজের জন্য প্রায় সময় অফিসের কর্মকর্তারা এসে দেখে যান কিন্তু কাজ হয় না। কোন কারণে কাজ হয় না, তা আমাদের জানা নেই।
মাঝেরগাঁওয়ের সমর আলী বলেন, পুরাতন পাকা সড়কের মেরামত কাজ না হওয়ায় মানুষের ভোগান্তি বেড়েই চলেছে।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগের দুইদিকের সড়কের বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে না।
মঙ্গলাগাঁওয়ের বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রতন লাল দাস বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইদিকের যোগাযোগ সড়কের কাজ না হওয়ায় মানুষের ভোগান্তি ক্রমেই বাড়ছে।
প্রবীণ রোগী রহিমা বেগম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে গিয়ে ভাঙা সড়কের ঝাঁকুনিতে কোমর বাঁকা হয়ে যায়। সড়কের মেরামত কাজ জরুরি প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: হাসান মাহমুদ বলেন, কোনো কোনো রোগীরা এসে তাদের রোগের কথা না বলে ভাঙা সড়কে ভোগান্তির কথা আগে বলেন। জনগুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন কাজ অতি জরুরি।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, গত কয়েকদিন আগে এলজিইডি সড়কটি ম্যাজারমেন্ট করেছিল। কিন্তু পরবর্তীতে তারা এগিয়ে আসেননি। শুনেছি সড়ক ও জনপথ বিভাগের এই সড়ক। সড়ক যার হউক মানুষের ভোগান্তি কমিয়ে আনতে মেরামত প্রয়োজন।
- লক ডাউন আতঙ্কে ক্রেতাদের ভিড়
- কৃষি শ্রমিক যাতায়াত- কৃষিজাত পণ্য ও উপকরণ সরবরাহে সহযোগিতা চায় কৃষি মন্ত্রণালয়


