স্টাফ রিপোর্টার
স্বামীকে যৌতুক এনে না দেয়ায় স্ত্রীকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্ত্রী বাদী হয়ে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। কিন্তু স্বামী ২য় বিয়ের কথা অস্বীকার করে জানান, আমি স্ত্রীকে কোনো নির্যাতন করিনি এবং ২য় বার বিয়েও করিনি। আমার স্ত্রী রাগ করে চলে গেছে তার বাপের বাড়িতে। আমাকে আইনীভাবে শিক্ষা দেবে বলে হুমকি দিয়ে গিয়েছে।
অভিযোগসূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী রাজারগাঁওয়ের ওই মহিলার বিয়ে হয় একই উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. কামাল হোসেনের সাথে। গত ২০০১ সালের ২৩ ডিসেম্বর ৭০ হাজার টাকা দেনমোহর ধার্য্য করে রেজিস্ট্রি কাবিনমূলে ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী বিয়ে হয় তাদের। প্রায় ১৫ বছরের বৈবাহিক জীবনে তাদের ঔরসজাত ৪ সন্তানের জন্ম হয়।
এই ঘটনার ২-৩ মাস আগে থেকে স্ত্রীকে পিত্রালয় থেকে ১ লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে স্বামী মো. কামাল হোসেন। স্বামীর এই যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীর উপর চলে মানসিক ও শারীরিক নির্যাতন। যৌতুক এনে না দেয়ায় স্বামী মো. কামাল হোসেন চলতি বছরের ৬ মার্চ সকালে তাকে মারধর করেছেন। পরে চার সন্তানকে রেখে স্ত্রীকে তাড়িয়ে দেয় পিত্রালয়ে।
স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে গ্রাম্য সালিশীর মাধ্যমে এই ঘটনার মীমাংসার চেষ্টা চলে। এরই মধ্যে গত ১৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকায় কাজী অফিসে গিয়ে স্বামী মো. কামাল হোসেন ২য় বিয়ে করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর গত ৫ মে নির্যাতিতা স্ত্রী বাদী হয়ে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কামাল হোসেন বলেন, ‘আমার স্ত্রীকে কোনো নির্যাতন করিনি। সে অযথা রাগ করে চলে গেছে বাপের বাড়িতে। সে আমাকে আইনীভাবে শিক্ষা দেবে বলে গেয়ে ফিরেছে। আমি গরীব মানুষ এমনিতেই সংসারে অভাব। আমার ৪ সন্তান নিয়ে কেন আরেকটি বিয়ে করবো। আমাকে শাস্তি দিতে কেউ যদি আরেকটি বিয়ের ভুয়া কাবিননামা তৈরি করে আদালতে মামলা করে সেটি আদালত দেখবে।’
- ধনপুর ইউনিয়ন-আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর তীব্র প্রতিযোগিতা
- কষ্টে আসা রেমিটেন্স-মালয়েশিয়ায় সুনামগঞ্জের দেবাংশুর বাঁচার লড়াই


