রংপুরের নির্বাচন সুষ্ঠু হয়েছে -ফখরুল

সু.খবর ডেস্ক
রংপুর সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সব মিলিয়ে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু এই নির্বাচন কমিশনের ওপর আস্থা আনার মত তেমন কিছু হয়েছে বলে বিএনপি মনে করে না।’ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়ি নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন মির্জা    
ফখরুল।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন পূর্ববর্তী সকল নির্বাচনের মতোই গতানুগতিক নির্বাচন করেছে। তারা বিএনপি বা বিরোধী দলগুলোকে নিরপেক্ষ নির্বাচনের জন্য আস্থায় আনার মতো কোনো কাজ করতে পারেননি। বরং নির্বাচন কমিশন ইভিএম এর ব্যবহারসহ কিছু প্রশ্নবিদ্ধ কাজ করেছে এ নির্বাচনে। তাই এ নির্বাচন কমিশনের উপর আমাদের কোনো আস্থা নেই।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘এ নির্বাচন কমিশন যখন সম্পূর্ণভাবে নিরপেক্ষ থেকে কাজ করবে এবং সকলের জন্য সমান সুযোগ ও পরিবেশ তৈরি করবে তখন আর এই আস্থার সংকট থাকবে না। কিন্তু নির্বাচন কমিশনের কর্মকা-ই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে বিতর্কিত করে তুলছে।’
তিনি বলেন,’জোটের উদ্যোগ আমরা সবসময় নিচ্ছি। আমরা সকলকে জোট করার আহ্বান জানাচ্ছি এবং নতুন একটি জোট তৈরি হয়েছে।’
জামায়াতের সঙ্গে জোট ভেঙে যায়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের জন্য নয় আন্দোলনের জন্য জামায়াতের সঙ্গে আমাদের জোট। সরকার ও তাদের দলীয় লোকজন জোটে একটা বিভ্রান্তি সৃষ্টি করে জোটকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে।’
এ বিষয়ে সকলকে সর্তক থাকার পরামর্শও দেন তিনি।
নির্বাচন সম্পর্কে বিএনপি মহাসচিব আরো বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড না হলে আবারও সেই ২০১৪ এর মত জোর করে নির্বাচন হবে। জোর করে নির্বাচন চাপিয়ে দিলে জনগণ সে নির্বাচন মেনে নেবে না। রাজনৈতিক সংকট নিরসনও হবে না। বরং এটা ক্ষমতাসীনদের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে।’
তাই রাজনৈতিক সংকট সমাধানে তিনি সকল রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহবান জানান।
এসময় সংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম শরীফ, পৌর বিএনপির সহ-সম্পাদক মো. সামসুজ্জোহাসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।