স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেল উপজেলার আঙ্গারুলী হাওরের ১১নং পিআইসির নোয়াখাড়া বাঁধ। গত বৃহস্পতিবার রাত ৮টায় বাঁধের পার্শ্ববর্তী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পানির চাপে আঙ্গারুলী হাওরের বাঁধে ফাটল দেখা দেয় এবং অর্ধেক অংশের মাটি দেবে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ বাঁধে গিয়ে শ্রমিক লাগিয়ে বাঁধ রক্ষার ব্যবস্থা করেন। বাঁধের দু’পাশে বাঁশের আড় ও জিআর ব্যাগে মাটি ভরে বাঁধের দু’পাশে দেয়া হয়। এ সময় স্থানীয় কৃষকরা বাঁধের কাজে সহযোগিতা করেন।
এদিকে শুক্রবার সকালে হাওর ও জলাভূমি অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুক মিয়া নোয়াখাড়া বাঁধ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, পাউবোর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি উপ-সহকারী প্রকৌশলী মনসুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ প্রমুখ।
হাওরপাড়ের ফুলভরী গ্রামের কৃষক শহীদুল ইসলাম শাহীদ বলেন, গত বৃহস্পতিবার রাতে বাঁধ ফেটে যায় এবং একপাশে মাটি দেবে যায়। তিনি বলেন, বাঁধের কাজ দুর্বল হয়েছিল, দুর্মুজ কম দেয়া হয়েছে। ফুলভরী গ্রামের কৃষক হাফিজুল ইসলাম, জুয়েল মিয়া, ফয়জুল হকও একই কথা বলেন।
ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বলেন, বাঁধে মাটি ফেলে দুর্মুজ দেওয়া হয়নি, ফলে বাঁধের ফাটল দেখা দেয় ও মাটি দেবে যায়।
শুক্রবার বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাঁধে কাজ চলমান ছিলো। এদিকে উপজেলায় দ্রুত ধান কাটা অব্যাহত রয়েছে। হাওরের নিম্নাংশে ব্রি-২৮ জাতের ধান কাটা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। হাওরের উঁচু জমিতে ও হাওর বহির্ভূত জমিতে ব্রি-২৯ জাতের ধান এখনও ধান পাকেনি। তবে আগামী ৫-৬ দিনের মধ্যে ২৯ ধানও কাটা যাবে বলে জানিয়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, উপজেলার কৃষকরা হাওরে দ্রুত ধান কাটছেন। উপজেলায় হাওর ও হাওর বহির্ভূত উঁচু জমি মিলে মোট ১০ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়। এ পর্যন্ত হাওরের ৫৮৩২ হেক্টর জমির ধান কাটা হয়েছে। হাওরের ৮০% ধান কাটা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ বলেন, গত বৃহস্পতিবার রাতে আঙ্গারুলী হাওরের নোয়াখাড়া বাঁধে ফাটল দেখা দিলে আমরা বাঁধটি রক্ষা করতে সক্ষম হয়েছি। সার্বিক অবস্থায় আমরা হাওরের সবকটি বাঁধের প্রতি নজর রাখছি।
- কৃষকদের দাবি : এক কিলোমিটার খনন হলে লাগবে না ২৫ কিলোমিটার বাঁধ
- গৃহবধূর রহস্যজনক মৃত্যু : দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন


