রমজানে বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে আশাবাদ তৈরি হয়েছে

রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জাতীয় গ্রীড থেকে সুনামগঞ্জের জন্য অতিরিক্ত ২ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার বিষয়টি অবহিত করেছেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। রবিবার ইমাম-মোয়াজ্জেম পরিষদের সাথে এক মতবিনিময়কালে তিনি এই তথ্য সকলকে অবগত করেছেন। আমরা তাঁর এমন একটি প্রশংসনীয় উদ্যোগকে আমরা সমর্থন জানাই। পবিত্র রমজান মাসে মুসল্লিদের জীবন যাপনে কিছুটা পরিবর্তন আসে। সারাদিন রোজা রেখে ইফতারের পর সন্ধ্যায় তারাবি নামাজ আদায় এবং ভোররাতে সেহরি করতে হয়। এই মাসে যদি বিদ্যুৎ সরবরাহে বিঘœ ঘটে তাহলে মুসল্লিদের সীমাহীন দুর্ভোগ সইতে হয়। তাছাড়া এবার গ্রীস্মকালে রমজান পড়ায় বিদ্যুৎবিভ্রাট রোজাদারদের কষ্ট আরও অনেক বাড়িয়ে দিবে নিঃসন্দেহে। এমন অবস্থায় রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি সকল মহলের। এমন একটি জনপ্রিয় দাবির প্রেক্ষিতে জেলা পরিষদ প্রশাসক যে আশার বাণী শুনিয়েছেন তা যাতে সত্যিকার অর্থে বাস্তবায়িত হয় তাই আমাদের কামনা।
সুনামগঞ্জের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বরাবরই ত্রুটিপূর্ণ। সামান্য ঝড়-বৃষ্টি হলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকা এই শহরের নৈমিত্তিক দৃশ্য। জ্যৈষ্ঠ মাসের তীব্র তাপদাহের সময় রাতের বেলায় প্রায়সই বিদ্যুত থাকে না অকারণে। শহরবাসী তীব্র গরমে সারা রাত জেগে থাকতে বাধ্য হন। বিদ্যুৎ বিভাগ থেকে সব সময়ই পুরানো সঞ্চালন লাইনের বিষয়টি সামনে আনা হয়। কিন্তু এর সমাধানের উদ্যোগগুলো সীমিত বলে মনে করেন সকলে। বিশেষ করে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার বেহাল অবস্থার পিছনে সুনামগঞ্জ পিডিবির অব্যবস্থাপনাকে দায়ি করেন শহরবাসী। গণমাধ্যমে একাধিকবার এই অফিসের খামখেয়ালীপূর্ণ আচরণের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু এতে তাদের কোন বোধোদয় ঘটেছে এমন মনে করার কোন অবকাশ হয়নি এখন পর্যন্ত। এরকম অবস্থায় রমজানে ২ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ পাওয়া ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চালু রাখার বিষয়ে জনমনে প্রচুর সন্দেহ রয়েছে। তবে সর্বাবস্থায় আমরা ভালটি কামনা করি। এক্ষেত্রে রমজানের পবিত্রতা ও ভাবমূর্তির সাথে সাযুজ্য রেখে একটি ভাল বিদ্যুৎ পরিসেবার ব্যবস্থা গ্রহণের বিষয়টি আমরা স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র।
দায়িত্বশীল মহল থেকে বলা হয় সুনামগঞ্জে বিদ্যুতের গ্রীড সাবস্টেশন নির্মাণ শেষ হয়ে গেলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটবে। ভাল সঞ্চালন ব্যবস্থার জন্য সাবস্টেশনের গুরুত্ব অনস্বিকার্য। কিন্তু সবার আগে চাহিদামাফিক পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ। দেশে প্রতি মুহূর্তে বিদ্যুতের চাহিদা বাড়ছে। সঞ্চালন লাইন বাড়ছে। নতুন নতুন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা বাড়ছে। এই বর্ধিত চাহিদার আলোকে বিদ্যুৎ উৎপাদনে জাতীয়ভাবে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নেরও কিছু উদ্যোগ আছে। পাশাপাশি বিদ্যুৎ আমদানি করে চাহিদা মিটানোর বিষয়টিও চিন্তাভাবনায় সক্রিয়। যেভাবেই হোক ক্রমবর্ধিত চাহিদার বিপরীতে সরবরাহ ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। সুনামগঞ্জের বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ কাজ অবিলম্বে শেষ করাসহ পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য তাই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি জেলা পরিষদ প্রশাসক দেশের বিদ্যুৎ সেক্টরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সংগত কারণেই তাঁর উপর আমাদের প্রত্যাশার পরিমাণও বেশি। আশা করি তিনি এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে যথাসাধ্য ব্যবস্থা নিবেন।