সোহেল তালুকদার, দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রবাসী বসন্তের কোকিলদের আনাগোনায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় মুখরিত হয়ে উঠেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে বসন্তের কোকিলদের শুভেচ্ছা পোস্টারিং, কেন্দ্রীয় নেতাদের ছবি সংবলিত ডিজিটাল ব্যানারে এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো ছেয়ে ফেলা হয়েছে।
প্রার্থী নিজে বা তার স্বজনরা তার নামে সাধ্যমত ভোটারদের অর্থ সহায়তার আশ্বাসও দিচ্ছেন। নিজেদের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন সবাই। সব মিলিয়ে প্রচারণা জমে উঠতে শুরু করেছে।
উপজেলায় একাধিক প্রবাসী নেতাদের মাঠে দেখা গেছে। উপজেলা বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হাইকমান্ডের দৃষ্টি কাড়তে এলাকায় বিএনপি’র স্রষ্টা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বর্তমান ও ভবিষ্যৎ নেতাদের গুণকীর্তন করছেন অবিশ্রান্ত। বিএনপি এবং তার সহযোগী ও অঙ্গসংগঠনের মধ্যে অনুপ্রবেশকারীদের বসন্তের কোকিল বলা হয়। সুবিধা বুঝে তারা নিজেদের অবস্থান পাকাপোক্ত করেন।
অন্যদিকে স্থানীয় পর্যায়ে বিএনপি তার অঙ্গসংগঠনের মধ্যে যে সব নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করে মিছিল-মিটিং, হামলা-মামলায় জর্জরিত তারা ক্ষোভে অভিমানে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রবাসী কোকিলদের কারণে দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
নাম প্রকাশে অনচ্ছিুক উপজেলা বিএনপির এক নেতা বলেন, বসন্ত এসেছে এখন কোকিলের আনাগোনা বেড়েছে। অতএব ময়ূরের সৌন্দর্য মূল্যহীন। আশাকরি যে সব নেতাকর্মী বিএনপির দুর্দিনে ছিলাম, আছি, থাকবো তাদেরকে যেন দলীয় মনোনয়ন দেয়া হয়। উপজেলা বিএনপির সদস্য পর্যায়ের একজন নেতা নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন যুগ চলছে অতিথি পাখির, দলের ত্যাগি নেতাদের কোন মূল্য নেই। যে যত নেতার পূজা করতে পারে সে তত বেশি সুবিধা ভোগ করে।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো.ফারুক আহমদ বলেন, যারা দলের হামলা মামলায় নির্যাতিত,বিএনপির জন্য নিবেদিতপ্রাণ তাদেরকেই দল মূল্যায়ন করবে।
- স্কুল ছাত্র দিলমান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
- জগন্নাথপুরে অশ্লীল যাত্রানুষ্ঠান বন্ধের দাবিতে বিক্ষোভ


