দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের প্রাচীনতম রাজানগর বাজারে বিভিন্ন ভিট অবৈধ দখলের প্রতিযোগিতা চললেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। স্থানীয় ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তার উদাসীনতার কারণে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
ভূমি উন্নয়ন কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্রয়-বিক্রয়সহ বাজারের টোল আদায়ের নামে চলছে চাঁদাবাজি । অভিযোগ রয়েছে যুবলীগ নেতা জুয়েলের নেতৃত্বে রাজানগর বাজারে একের পর এক অবৈধ দখল, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।
এর আগে জুয়েলের পিতা কায়ুম মেম্বার ও তার বাহিনীর লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভিটে মালিকসহ অনেকেই বাজার ছাড়া হন। জুয়েলের ছোট ভাই বাজারের ইজারাদার আজহারুল টোল আদায়ের নামে ভিটে মালিকদের কাছ থেকে প্রকাশ্যে রশিদ ছাড়াই চাঁদা আদায় করছেন।
এলকাবাসীর সুত্রে জানা গেছে, রন্নারচর গ্রামের মহিতোষ ও সন্তোষ শীলের মালিকানা দোকান ঘরটি প্রকাশ্যে জুয়েলবাহিনী জোরপুর্বক দখল করে নিয়ে তালাবদ্ধ করে রেখেছে। এর আগে জাহানপুর গ্রামের চন্দ্রকান্তের দোকান ঘরটি জোরপুর্বক দখল করা হয়। পরে এই দোকান ঘরটি সমর সরকারের কাছে বিক্রি করে দেয়া হয়। রন্নারচর গ্রামের রাসকুমার দাসের বাজারের ঘরটি অবৈধভাবে দখল করে একই গ্রামের মংলা মিয়া। পরে মংলা মিয়া ঘরটি বিক্রি করে দেন মিয়া সিরাজুল ইসলামের কাছে।
বাজারের সেলুন ব্যবসায়ী দিপ্রেশ শীল বলেন, শুরু থেকেই রাজানগর বাজারে ব্যবসা করে আসছিলেন মহিতোষ ও সন্তোষ শীলের পিতা । আমি ঘরটিতে ব্যবসা করছিলাম হঠাৎ একদিন মারধর করে ঘর থেকে বের করে দেয় জুয়েল বাহিনী।
আফিজ উল্যার ঘরের ভাড়াটিয়া রামজয় সরকার জানান, মাসিক ১৮ শ’ টাকা ঘরের ভাড়া বাবদ, আর খাজনা বাবদ প্রতি সপ্তাহে বাজারের ইজারাদারের লোককে ৩০ টাকা করে দিতে হয়। নিবারণ চন্দ্র তালুকদার মিন্টু বলেন, আমরা বাজারের নিরীহ মানুষ, দোকান ঘর থাকা সত্বেও ইজারাদারদের খাজনা দিতে হচ্ছে। কিছুদিন আগে ভয় দেখিয়ে আমাকে ঘর থেকে বের করে দেয়া হয়েছে।
কোন সন্ত্রাসী, চাঁদবাজি বা অবৈধ দখলের সাথে জড়িত নন উল্লেখ করে যুবলীগ নেতা জুয়েল বলেন, আমি কোন নেতা নই, আওয়ামী লীগের সমর্থক, চেয়ারম্যান সৌম্য চৌধুরীর ইন্ধনে এসব হচ্ছে, সে মানুষের জায়গা দখল করে রাখছে, আমরা কারো ঘর দখল করিনি, আমি পয়সা দিয়ে কিনে ঘরের মালিক হয়েছি,বাজারের সব ঘরই সরকারি জায়গায়, তাই আমার ভাই খাজনা তুলছে, সরকারে কাছ থেকে লীজ এনে সবসময়ই খাজনা তুলা হচ্ছে। চেয়ারম্যান আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলছেন, তার কোন প্রমাণ দিতে পারবেন না।
তবে সরকারি জায়গায় দোকান মালিকের কাছ থেকে ইজারাদার কর্তৃক খাজনা আদায় সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে ইউএনও অফিসের অফিস সহকারি আবদুল মালেক বলেন, খাস ভূমিতে নির্মিত দোকান মালিকরা সংশ্লিষ্ট দপ্তরে ভুমি উন্নয়ন কর দিবেন। আজাহারুল ইসলাম রাজানগর বাজারের ইজারাদার, তিনি শুধুমাত্র বাজারের তোহা ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায় করবেন।
রাজানগর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা কাজী সামছুল হুদা বলেন, সরকারের খাসভূমিতে গড়ে উঠা বাজারটিতে অনেকগুলো ঘরই অবৈধ। ২০০০ সালের দিকে রাজানগর বাজারটি ফেরিফেরি বাজারের সীমানা নির্ধারণ করা হয়, অর্ধ শতাংশ করে ৯টি ঘরের অনুমোদন দেয়া হয়েছে, অনেকগুলি ঘরের বন্দোবস্ত প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, ২৫৮ দাগে অবস্থিত বাজারটিতে এক একর চুয়াত্তর শতাংশ জমি রয়েছে এর মধ্যে এক একর চৌদ্দ শতাংশ ভূমি বন্দোবস্ত যোগ্য, ঘর মালিকদের কাছ থেকে ইজারাদারদের খাজনা আদায় সম্পূর্ণভাবে অবৈধ।
রাজানগর ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী বলেন, শুরুতে ৪০-৪২টি ঘর নির্মাণ করে যারা বাজারের কার্যক্রম শুরু করেন তারই প্রকৃত মালিক। তাদের উত্তরসুরীরা নীতিমালা অনুযায়ী মালিক হবেন, কিন্তু স্বাধীনতার পর কাইয়ুম মেম্বার ও তার ছেলে যুবলীগ নেতা জুয়েল বাহিনী চাঁদাবাজি, সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে দখল ও অসামাজিক কর্মকান্ডের ফলে অনেকেই আজ বাজার ছাড়া। বিশেষ করে সংখ্যালঘুরাই ওই চক্রের অপতৎপরতার শিকার হয়েছেন চরমভাবে। যুবলীগ নেতা জুয়েলের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের কাছে জিম্মি সংখ্যালঘু ও নিরীহ ব্যবসায়ীরা।
নবাগত ইউএনও মো: তৌহিদুজ্জামান পাবেল বলেন, আমি নতুন এসেছি তবে বাজারের কোথায় কি হচ্ছে তা খতিয়ে দেখবো।’


