স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট থেকে সদরগড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ হয়েছিল দীর্ঘদিন আগে। এই সড়ক দিয়ে সহজ যাতায়াত মাধ্যম হিসাবে ইয়াছিনপুর, রাজারগাঁও ও সদরগড় অলিরবাজার এলাকার মানুষজন চলাচল করে থাকেন। দীর্ঘদিন ধরে রাজারগাঁও-সদরগড় সড়কের উন্নয়ন না হওয়ায় যোগাযোগ দুর্ভোগে পড়েছেন মানুষ। সড়কের উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রাধানগর পয়েন্ট থেকে চলাচলের সুবিধার্থে নির্মাণ করা হয়েছিল সড়ক। রাধারনগর, ইয়াছিনপুর পর্যন্ত পাকা সড়ক থাকলেও স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই সড়কের রাজারগাঁও থেকে সদরগড় পর্যন্ত মাটি দিয়ে নির্মাণ করা হয়েছে। এই সড়কে রাধানগর, ইয়াছিনপুর, রাজারগাঁও ও সদরগড় অলিরবাজারে চলাচলের সহজ পথ হয়েছে। এই বাইপাস সড়কে একাধিক গ্রামের মানুষ সুনামগঞ্জ শহরে, বিশ্বম্ভপুর উপজেলায় আসা-যাওয়া সহজ হয়েছে। যে কোনো সময় রোগী নিয়ে বা জরুরি প্রয়োজনে মানুষজন এই বাইপাস সড়কে চলাচল করতে পারেন। কিন্তু বর্ষায় সড়কটির বেশিরভাগ অংশ তলিয়ে যায় পানিতে। দুর্ভোগ থেকে রক্ষা পেতে সড়ক উঁচুকরণসহ পাকাকরণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদির বলেন, রাজারগাঁও-সদরগড় বাইপাস সড়ককে মাটি ভরাট করে আরও উঁচু করে পাকাকরণ করতে হবে। তবেই মানুষজন যানবাহন নিয়ে নিরাপদে চলাচল করতে পারবে। সারা বছরই উপকারে আসবে এই বাইপাস সড়ক। নইলে বর্ষায় মানুষের চলাচল বন্ধ হয়ে থাকবে।
মহরম আলী বলেন, মানুষের চলাচল সুবিধা তৈরি করে দিলে এলাকার উন্নয়ন হয়। এই বাইপাস সড়কটির যথাযথ উন্নয়ন হলে রাধানগর পয়েন্ট থেকে অলিরবাজার পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচল করবে। এতে এলাকারও উন্নয়ন হবে।
স্থানীয় বাসিন্দা তানভীর আহমদ তাছলিম বলেন, রাধানগর-সদরগড় সড়কটি এলাকার মানুষের খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই বাইপাস সড়কের যথাযথ উন্নয়ন নেই। এই কারণে বর্ষায় সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। সড়ক উন্নয়নের দাবি আমাদের।
গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মিয়া জানান, রাজারগাঁও থেকে সদরগড় পর্যন্ত নদীরপাড় দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করে রাধানগর পয়েন্ট থেকে সদরগড় পর্যন্ত মানুষজন চলাচলের সুবিধা তৈরি করে দিয়েছি। বছর বছর সড়ক সংরক্ষণ করে আসছি। এই দীর্ঘ সড়কের মাটি ভরাট ও পাকাকরণ জরুরি প্রয়োজন।
জেলা পরিষদ সদস্য হোসেন আলী বলেন, রাধানগর-সদরগড় বাইপাস সড়ক নির্মাণের পর মানুষজনের যোগাযোগ অনেক সহজ হয়েছে। তবে রাধানগর পয়েন্ট সংলগ্ন পাকা সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যায়। এতে চলাচলে মারাত্মক সমস্যা হয়। এছাড়া রাজারগাঁও-সদরগড় পর্যন্ত মাটির সড়ক পাকাকরণের প্রয়োজন রয়েছে। রাতে নদীতে খেয়া নৌকা না থাকলেও রোগী নিয়ে বা জরুরি প্রয়োজনে সড়ক পথে মানুষজন আসা-যাওয়া করতে পারেন। এই সড়কের যথাযথ উন্নয়ন প্রয়োজন।


