রামদীঘা ট্রেজেডিতে হাইকোর্টের রিট দুর্বলের মুখে হাসি ফোটাবে

নির্যাতিত মানুষ বিচারপ্রার্থী হয় সুবিচার পাওয়ার আশায়। কিন্তু বিচার পাওয়ার প্রক্রিয়ার জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে ভুক্তভোগীরা একটা সময়ে এ্ই প্রক্রিয়ার বাইরে ছিটকে পড়েন। এভাবেই বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে আমাদের সমাজে। কিন্তু মাঝে মধ্যে বিচারের বাণী যে সবলের দাপটকে সরিয়ে দুর্বলের রক্ষাকবচে পরিণত হয় এমন খবরেরও সন্ধান মিলে আমাদের সমাজেই। পল্লী বিদ্যুতের তার ছিড়ে ধর্মপাশার প্রত্যন্ত গ্রাম রামদীঘার দরিদ্র চার ব্যক্তির মৃত্যু ঘটেছিল গত ২৬ এপ্রিল। পল্লী বিদু্যুতের মেইন লাইন থেকে হাই ভোল্টের তার ছিড়ে পড়া নিছক কোন দুর্ঘটনা হতে পারে না, এসংক্রান্ত খবর ও পরবর্তী ফলোআপ-মন্তব্যে বিষয়টি বেশ জোরালোভাবেই উঠে আসে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে পল্লী বিদ্যুতের বিভাগীয় তদন্তে এই তার ছিড়ার পিছনে কোন দায়িত্বে অবহেলা কিংবা ত্রুটির পরিচয় পাওয়া যায়নি, নিজেদের দায়মোচন করে তারা একে একটি দুর্ঘটনা বলেই চালিয়ে দিয়েছিলেন। পরে নিহতদের পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার তদন্ত কার্যক্রমও ধীরগতির বলে অভিযোগ সর্বত্র। এর মধ্যে দেশের সর্বোচ্চ বিচারালয় হাইকোর্টে রিট করেন জনৈক আইনজীবী। হাইকোর্ট রিটের শুনানি অন্তে নিহত চার ব্যক্তির পরিবারকে চার কোটি টাকা ক্ষতিপূরণ দানের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেছেন্। শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত কী আসে তা আগাম বলা না গেলেও আপতত রুল জারিটিই দুর্বল শ্রেণির নিহত চার ব্যক্তির পরিবারকে কিছুটা হলেও সান্ত¦না দিবে। যেখানে তাদের পাশে সেই অর্থে সাধারণ মানবিকতার পরশ নিয়েও কেউ এগিয়ে আসেননি, আইনি প্রতিকার পাইয়ে দিবার বিষয়টি না হয় বাদই দিলাম, সেরকম সময়ে হাইকোর্টের এমন একটি সিদ্ধান্ত শুধু রামদীঘা নয় বরং সবল শ্রেণির চাপে পিষ্ঠ দেশের সকল নির্যাতিত মানুষের মুখে হাসি ফুটাতে সক্ষম হবে বলে আমরা মনে করি। কোন বিচারিক প্রক্রিয়ার পক্ষে-বিপক্ষে আবেগ বা বিরাগ দেখানো অনুচিত এমনটি জেনেও আমরা যিনি জনস্বার্থে হাইকোর্টে এই রিটটি করেছেন তাঁকে অভিনন্দন জানাই।
জনস্বার্থ সংরক্ষণে আইনি প্রতিকার পাওয়ার অনেক উপায় রয়েছে। শুধু হাইকোর্ট নয় জেলা পর্যায়ের জজকোর্টগুলোতেও এমন প্রতিকার প্রার্থনা করার আইন আছে। কিন্তু এ বিষয়ে মফস্বলে প্র্যাকটিস নেই বললেই চলে। হাইকোর্টে রিট দায়েরের  মাধ্যমে নাগরিকের মৌলিক অধিকার রক্ষার বিষয়টি অবশ্য বিশেষভাবে চর্চিত হয়। তবে দায়েরি অধিকাংশ রিটের প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায়, রামদীঘার মতো ই্চ্ছাকৃত অবহেলার কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত একেবারেই সাধারণ মানুষের পক্ষে এমন চর্চা কম। এই নিরিখেও বর্ণিত রিটটি একটি উদাহরণ হিসাবে কাজ করবে। সাধারণ মানুষের পক্ষে এমন আইনি প্রক্রিয়া অনুসরণের চর্চা এর মাধ্যমে বাড়বে বলে আমাদের বিশ্বাস।
সবচাইতে বড় কথা হলো হাইকোট চার কোটি টাকা ক্ষতিপূরণের যে রুল জারি করেছেন পল্লী বিদ্যুতের বিরুদ্ধে তা ভুক্তভোগীরা আদৌ পাবেন কিনা। আইনের প্রক্রিয়াকে অহেতুক জটিল করে বিষয়টিকে দীর্ঘসূত্রিতার জালে আটকে ফেলা হয় কিনা সেটিই উদ্বেগের জায়গা। তবে সর্বোচ্চ বিচারালয়ের সংবেদনশীলতা ও রিটকারী ও তাঁর পক্ষীয় আইনজীবীগণের তৎপরতা নিশ্চয়ই বিষয়টিকে জটিল করতে পারবে না, এ আমাদের বিশ্বাস। যে প্রাণ চলে গেছে তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। কিন্তু এর ক্ষতিপূরণ অনায়াসেই দিতে পারে জড়িত পক্ষসমূহ। রাষ্ট্র ও প্রচলিত আইনি কাঠামো এটি নিশ্চিত করতে পারেন। রামদীঘা ট্রেজেডিতে পল্লী বিদ্যুতের অবহেলাজনিত কারণে সৃষ্ট দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ আদায়সহ ওই দিনের দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিবৃন্দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে আমরা আবারও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।