রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখা। সোমবার বেলা সাড়ে ১১টায় আলফাত স্কয়ারে দুর্নীতি, লুটপাট ও ভুলনীতির দায় শ্রমিকদের ওপর চাপিয়ে লোকসানের অজুহাতে রাষ্ট্রীয় ২৫ টি পাটকল বন্ধ ঘোষণার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক নিমাই সরকার। এসময় উপস্থিত ছিলেন, কৃষক নেতা আফাজ উদ্দিন, পান্ডব দে, আবুবক্কর, জয়ধর আলী, আব্দুল মমিন, তুলা মিয়া, আলি হোসেন, সত্তার মিয়া, আশরাফ, ছাত্র ঝলক, ছাত্র মারুফ, রিংকু দেব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পাটকল বন্ধ করা যাবে না। প্রয়োজনে ঘাটতি দিয়ে হলেও পাটকল আধুনিকায়ন করতে হবে। এতে করে দেশে পাটশিল্প বৃদ্ধি পাবে। করোনা ভাইরাসের আঘাতে মানুষ যখন বিপর্যস্ত, তখন সরকার ২৫ টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করছে। এর ফলে শুধু ২৫ হাজার শ্রমিক নয়, পাটচাষিসহ পাটশিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।