রাস্তা ভাঙার জের নবীনগরে গ্যাস সরবরাহ বন্ধ

স্টাফ রিপোর্টার
নবীনগর সড়কের ভাঙ্গন এলাকায় গ্যাস লাইনের পাইপে ছিদ্র হওয়ায় প্রায় ১৬শত মিটার গ্যাস লাইনের সংযোগ বন্ধ করা হয়েছে।  সুনামগঞ্জের জালালাবাদ গ্যাস অফিস রবিবার বেলা ১২টায় গ্যাস লাইন বন্ধ করে দেন।
জানা যায়, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি হয়ে শহরতলীর নবীনগর –ধারারগাঁও সড়কে ভাঙ্গন সৃষ্টি হয়। সড়কের কালভার্টের এপ্রোচ ভেঙে যায়। এছাড়া ওই সড়কের বিভিন্ন স্থানে গার্ডওয়াল ভেঙ্গে যাওয়ায় গ্যাস লাইনের পাইপ মাটির নিচ থেকে বেরিয়ে আসে। ওই কালভার্টের ভেতর দিয়ে টেনে নেয়া হয়েছিল গ্যাসের পাইপ লাইন। বন্যার স্রোতে কালভার্ট সরে যাওয়ায় গ্যাসের পাইপ লাইন বিপদজনক অবস্থায় রয়েছে। এতে করে রবিবার হঠাৎ করে ওই লাইন ফেটে গিয়ে একটি ছিদ্র দিতে গ্যাস বের হতে থাকে। খবর পেয়ে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়।
এদিকে দুর্ঘটনা এড়াতে গ্যাস লাইন বন্ধ করে দেয়ায় রান্না-বান্না নিয়ে বিপাকে পড়েছেন শত শত গ্রাহক। নবীনগর ও ধোপাখালী এলাকার গ্রাহকরা রবিবার দুপুরে রান্নাবান্নার কোন কাজই করতে পারেন নি। অনেকেই বাজার থেকে খাবার কিনে খেয়েছেন। কবে লাইন মেরামত করা হবে তাও জানানো হয়নি।
সুনামগঞ্জের জালালাবাদ গ্যাস অফিসের ম্যানেজার মো. সুরুজ্জামান বলেন,‘ভাঙ্গন এলাকায় গ্যাস লাইনের পাইপে ছিদ্র হওয়ার সাথে সাথে সিলেট অফিসকে জানিয়েছি। সার্বিক নিরাপত্তা চিন্তা করে প্রায় ১৬শ’ মিটার গ্যাস লাইন বন্ধ করে দিয়েছি। অতি শীঘ্র গ্যাস লাইন আবারও চালু করা হবে।’