রিভলভারসহ আরপিননগরের ফরহাদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
শহরের আরপিন নগর এলাকা থেকে দেশীয় রিভলভার ও দুই রাউন্ড গুলিসহ সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফরহাদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফরহাদ আরপিননগরের মকছুদ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তার করার সময় পুলিশকে লক্ষ করে রিভলভার দিয়ে গুলি করার চেষ্টা করছিল ফরহাদ। শুক্রবার দুপুরে সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীসহ কয়েকজন পুলিশ অস্ত্রসহ আরপিননগরের বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে। গ্রেপ্তারকৃত ফরহাদের বিরুদ্ধে সদর থানা ও আদালতে চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধের ১৮টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ফরহাদ হোসেনের কাছে অস্ত্র রয়েছে এই খবর পেয়ে সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে সদর থানার একদল পুলিশ আরপিননগরে বিশেষ অভিযান চালায়। পরে একটি দেশীয় রিভলভার ও দুই রাউন্ড গুলিসহ   তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। অস্ত্র উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন,‘অস্ত্রসহ ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। ফরহাদ স্বেচ্ছাসেবক লীগের সদর উপজেলার বিগত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এখন কোন পদে নেই’।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘ফরহাদের বিরুদ্ধে নানা অপরাধ ও চাঁদাবাজীসহ ১৮টি মামলা তদন্ত ও বিচারধীন রয়েছে। তাকে গ্রেফতার করার সময় পুলিশকে লক্ষ করে রিভলভার দিয়ে গুলি করার চেষ্টা করছিল সে’।