রেমিট্যান্স বাড়াতে ব্যাংক ব্যবস্থা আরও আন্তরিক করতে হবে : পরিকল্পনামন্ত্রী

সু.খবর ডেস্ক
রেমিট্যান্স বাড়াতে ব্যাংকিং সিস্টেম আরও আন্তরিক করতে হবে বলে মন্তব্য করেছন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ব্যাংকিং সিস্টেম ও আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহী করতে হবে। সেইসঙ্গে দূতাবাসগুলোকে শ্রমিকবান্ধব হতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) মিলনায়তনে ‘প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ বৈদেশিক আয়ের মূল চালিকাশক্তি’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে এর আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ব্যাংকিং সিস্টেম ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী শ্রমিকরা কম উৎসাহিত হন। এই সুযোগ নেন হুন্ডি ব্যবসায়ীরা। পাশাপাশি বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোর শ্রমিকদের সাহায্যে যেভাবে এগিয়ে আসা উচিত, বাস্তবে তা হচ্ছে না। রেমিট্যান্স যোদ্ধাদের ত্যাগের মূল্যায়নের মাধ্যমে তাদের উপযুক্ত সম্মান ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় রেমিট্যান্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষ শ্রমশক্তি তৈরির মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করে অভিবাসন খাতকে এগিয়ে নিতে হবে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, হুন্ডির মাধ্যমে অর্থ পাঠালে প্রয়োজন অনুযায়ী তা প্রবাসীদের ঘরে পৌঁছে দেয় ব্যবসায়ীরা। অন্যদিকে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে হলে শ্রমিকদের অনেক ক্ষেত্রে কাজের ক্ষতি হয়। তাই হুন্ডির সঙ্গে বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে সমতা আনতে প্রণোদনা বাড়াতে হবে।
সূত্র : কালবেলা