শহীদ নূর আহমেদ
আব্দুজ জহুর সেতু সুরমা নদীর এপার ওপারের যোগাযোগের মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে। এই সেতু দিয়ে সুরমার পশ্চিম পাড়ের জামালগঞ্জ, তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলার কয়েক লক্ষ মানুষ সহজেই যোগাযোগ করছেন জেলা শহরের সাথে। ইতোমধ্যে সুরমার পশ্চিম-উত্তর পাড়ের মানুষ সেতুটির ইতিবাচকতাকে আর্শিবাদ হিসেবে দেখছেন। এত আকাক্সিক্ষত সেতুটির দুইদিকের দীর্ঘ এপ্রোচে কোন রেলিং না থাকায় এই সেতুটি এখন আতংকের অন্য এক নাম হিসাবেও পরিচিতি পাচ্ছে। নকশায় মূল সেতুতে র্যালিং রাখা হয়েছে কিন্তু সেতুর দুই পাশের দীর্ঘ ও সরু এ্যাপ্রোচে কোন র্যালিং রাখা হয়নি। সৌন্দর্য্যবর্ধনে রাখা হয়েছে কয়েক ফুট পর পর কংক্রিটের খাম্বা। যা ফুটপাত দিয়ে চলাচলের ক্ষেত্রে আদৌ নিরাপত্তা দিতে পারে না পথচারীদের। সেতুর ফুটপাত থেকে নিচের দিকে থাকালেই বিপদ হাতছানি দেয়। এ্যাপ্রোচের তিন ফুটপাতের রাস্তা থেকে ছিটকে পড়লে আর রক্ষা নেই। পিচ্ছিল পাকা ঢালুতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত । বিভিন্ন মহল থেকে সেতুটির এ্যাপ্রোচে র্যালিং স্থাপনের দাবি উঠলেও জনগরুত্বপূর্ণ বিষয়টি আমলে নিচ্ছেন না সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। র্যালিং ছিটকে পড়ে কোন প্রাণহানির ঘটনা ঘটলে এ দায় কার, এমন প্রশ্ন
করছেন ভোক্তভোগি মানুষরা।
একাধিক পথচারির সূত্রে জানা যায়, সেতুর এ্যাপ্রোচে চলাচল করতে গিয়ে ইতোমধ্যে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক ব্যক্তি। র্যালিং না দিলে প্রাণহাণির আশঙ্কা করছেন অনেকেই। রাতে কোন আলোর ব্যবস্থা না থাকায় অন্ধকার থাকে আব্দুজ জহুর সেতু(সুরমা) এলাকা । এতে সেতুর দুপাশের এ্যাপ্রোচে চলাচল করতে বেশি ঝুঁকি থাকে পথচারীদের। অন্ধকারে পিচ্ছিল ফুটপাতে কখন যে কি হয় তা বলার অপেক্ষা রাখে না। ছুটির দিন শুক্রবার ও প্রতিদিন বিকেলে শহরতলি ও আশপাশের এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে এই সেতুতে ঘুরতে আসেন অনেকেই। সেতুর পাশের খাম্বার সাথে হেলান দিয়ে ছবি তুলতে দেখা যায় অনেককে। ফুটপাত দিয়ে ছুটাছুটি করতে দেখা যায় সেতুতে বেড়াতে আশা দর্শনার্থীদের ছোট ছোট বাচ্চাদের। একটু এদিক সেদিক হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে ।
শহীদুল নামে এক পথচারী বলেন, নিচের দিকে থাকালে মাথা ঝিমঝিম করে। মনে হয় এই যেন কেউ ধাক্কা দিলো আর জীবন শেষ। ফুটপাত দিয়ে চলাচল করতে গিয়ে আমি একদিন ছিটকে পড়ে গেছিলাম। ভাগ্যিস আমার পায়ে জুতা ছিলো,জুতার সাহায্যে ব্লকে আটকে গেছিলাম। না হলে উল্টে গিয়ে কি যে হতো তা একমাত্র আল্লাহ জানে। এ্যাপ্রোচে র্যালিং না থাকায় পথচারিদের চলাচলে ঝুঁকি বেশি থাকে। র্যালিং না দিলে কোন দিন যে কি হয় তা বলা যায় না।
সুজাউল নামে শহরতলির এক বাসিন্দা বলেন, মাঝে মধ্যে পরিবার পরিজন নিয়ে ব্রিজে ঘুরতে আসি। সুন্দর স্থান ভালই লাগে। কিন্তু ছোট ছোট বাচ্চাদের কোল থেকে ভয়ে নামাই না যদি ছুটাছুটি করতে গিয়ে কিছু হয়ে যায়। সেতুর দুই পাশে র্যালিং নাই। র্যালিং থাকলে সাধারণ মানুষের চলাচলের পথ নিরাপদ হতো।
সেতুর এ্যাপ্রোচে র্যালিং স্থাপনের বিষয়ে জানতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের মোবাইল ফোনে বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক বার রিং করলেও তিনি ফোন না ধরায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায় নি।


