স্টাফ রিপোর্টার
মায়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের ডাকা শনিবারের মানববন্ধন কর্মসূচির প্রচারে বাধা দেয়ার খবর পাওয়া গেছে। কর্মসূচি প্রচারের জন্য গতকাল শুক্রবার শহরে রিকশাযোগে মাইক বের করলে বিকাল ৩ টায় শহরের জামাইপাড়া মোড়ে জনৈক আরিফুজ্জামান আরিফ বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর পর আর মাইকে প্রচার করা হয়নি।
জানা যায়, প্রচার মাইক আটকে আরিফুজ্জামান অরিফ রিকশা চালককে বলেন , ‘ এই তরারে এই মাইক বার করার পারমিশন কে দিছে রে। এই নে আমার কার্ড তোরার নেতারারে নিয়ে দে, এরা আমার সাথে আলাপ করুক এরপর মাইক বার করব নে, যা-নাইলে মাইর খাইবে।’ এরপর রিকশাচালক মাইক নিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজকদের কাছে ফিরে যান।
এ ব্যাপারে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানুর কাছে জানতে চাইলে তিনি বলেন,‘ আমি ঢাকায়। মাইক আটক করে প্রচারে বাধা দেয়ার বিষয়টি আমার জানা নেই।’
আরিফুজ্জামান আরিফের বন্ধ থাকার তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ বলেন,‘ রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে আজ মাববনবন্ধন। তাই গতকাল শুক্রবার শহরে মাইক বের করা হয়েছিল। বিকালে জামাইপাড়া মোড়ে অরিফুজ্জামান নামের একজন আমাদের মাইক আটকে প্রচার করতে বাধা দিয়েছেন। এরপর আর মাইকে প্রচার করা হয়নি।’


