সু.খবর রিপোর্ট
লকডাউন না মানা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় ৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে বৃহস্পতিবার পৌর শহরের আলফাত স্কয়ার, মধ্যবাজার, মল্লিকপুর, ওয়েজখালী এলাকায় এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন।
অভিযানকালে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা লংঘনের দায়ে ৬টি মামলায় ৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ছাতকে লকডাউন অমান্য করে রাস্তায় গাড়ি বের করলে এবং দোকান শপিংমল খোলার অপরাধে ২৩ জনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে চলাচলরত গাড়ি থেকে এবং শহরের বিভিন্ন শপিংমলের মালিকদের কাছ থেকে ২৩টি মামলার বিপরীতে ২১ হাজার ২০০টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
লকডাউনের প্রথম দিন গত বুধবারে একই অপরাধে ২৫টি মামলায় ২১হাজার ৫০০টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।
এদিকে লকডাউনে পরিবহন সেক্টর সরকারী বিধান মোতাবেক অনেকটাই নিয়ন্ত্রিত রয়েছে। দূরপাল্লার কোন যাত্রীবাহী গাড়ি আসা-যাওয়া করতে দেখা যায়নি। মাঝে মধ্যে ছোট গাড়ি চলাচল করতে দেখা গেছে। কিন্ত নিষেধাজ্ঞা মুক্ত দোকান ও কয়েকটি শপিংমল ছাড়া শহরের অনেক দোকানপাঠ খোলা থাকতে দেখা গেছে। গভীর রাত পর্যন্ত শহরের ক্লাব রোডের কয়েকটি চা-কপির দোকান ও পান-সিগারেটের দোকান স্বাধাবিকভাবেই কেনাবেচা চলছে। সরকার নির্ধারিত সময়ের পরও শহরের বেশকিছু দোকান সরকারী বিধান অমান্য করে রাত পর্যন্ত খোলা রাখাতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান এ ব্যাপারে জানান, লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থাসহ জরিমান করা হবে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে আইন অমান্য করে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখায় জগন্নাথপুর পৌর শহরে ছয় ব্যবসায়ীকে অর্থদ- প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এই অর্থ দ-াদেশ প্রদান করেন।
জানা যায়, লকডাউন কার্যকর করে বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মেহেদী হাসানের নেতৃত্বে পৌর পয়েন্ট, মাদ্রাসা পয়েন্ট ও ইকড়ছই এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে আইন অমান্য করে দোকান খোলা রাখা ছয় ব্যবসায়ীকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। তিনি জানান, করোনার সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা সবাইকে মান্য করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।


