লঘাট পাহাড়ী ঝর্ণা-পর্যটনের অরুপ সৌন্দর্য্যময় স্পট

এমএ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুর সীমান্তের মেঘালয় পাহাড় থেকে প্রবাহিত “লালঘাট পাহাড়ী ঝর্ণা’’ পর্যটনের অপরূপ সৌন্দর্য্যময় সম্পদ। প্রকৃতি প্রেমী ও পর্যটকদের দেখার মতো আকর্ষণীয় স্থান এটি। ইতিমধ্যে পর্যটকদের কাছে তাহিরপুর উপজেলার ১৭টি দৃষ্টিনন্দন দর্শনীয় স্থান পরিচিতি পেলেও তাদের দৃষ্টির অগোচরেই রয়েছে লালঘাট উপজাতি পল্লী ঘেষা এই পাহাড়ী ঝর্ণাটি। ”
তাহিরপুর উপজেলার আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে, হযরাত শাহজালাল (র) সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম ধর্ম প্রচারক হযরত শাহ আরেফিন (রহ.)’র আস্থানা, সীমান্তনদী যাদুকাঁটা, বারেকটিলা, এশিয়া মহাদেশের দেশের সবচেয়ে বড় শিমুল বাগান, শ্রী অদ্বৈত আচার্য্য প্রভুর রাজারগাঁওর আখড়া বাড়ি পণতীর্থ ধাম, গড়কাটি ইসকন মন্দির, কড়ইগড়া রাজাই উপজাতি পল্লী, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প, টেকেরঘাট খনিপ্রকল্পের পরিত্যাক্ত চুনাপাথর কোয়ারী(লেক), টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প উচ্চ বিদ্যালয় ঘেষা ঝর্ণা ও উচুনিচু টিলা, লাকমা পাহাড়ী ছড়া, বড়ছড়ার ভাঙ্গারঘাট চুনাপাথর কোয়ারী, বড়ছড়া – চারাগাঁও – বাগলী স্থল শুল্ক ষ্টেশন ও ওয়ার্ল্ড হেরিটেইজ রামসার প্রকল্পভুক্ত বিশ^ ঐতিহ্য টাঙ্গুয়ার হাওর উল্øেখযোগ্য।
এসব দর্শনীয় স্থানগুলো দেশ বিদেশের ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমী পর্যটকদের নিকট কয়েক বছর ধরে পরিচিতি পেলেও তাদের দৃষ্টির অগোচরেই রয়েছে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট উপজাতি পল্লী ঘেষা মেঘালয় পাহাড় থেকে প্রবাহিত হয়ে আসা “লালঘাট পাহাড়ী ঝর্ণা ধারা” স্পটটি।
সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর – পশ্চিমে তাহিরপুর উপজেলা সদর থেকে ১৫কিলোমিটার (নৌ-পথ) এবং ২২ কিলোমিটার (সড়কপথ) দূরবর্তী উপজেলার সোজা উত্তর মুখী শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সড়কের লাগোয়া উপজাতি পল্লী লালঘাটের অবস্থান। তাহিরপুর সীমান্তের ১১৯৬ মেইন পিলার ভারত-বাংলাদেশ জিরো পয়েন্ট দিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের সবুজের বুক চিরে প্রবাহিত হয়ে “লালঘাট ঝর্ণা ধারার” স্বচ্চ সাদা পানি উপচে পড়ছে এই পাহাড়ি ছড়ার মুখ দিয়ে। আর এই অপরূপ দৃশ্য প্রতিনিয়ত শ’ শ’ মানুষ উপভোগ করছেন।
লালঘাট ঝর্ণা ধারার পূর্বঘেষা উপজাতি পল্লীর হাজং সম্প্রদায়ের প্রায় ৩০ থেকে ৩৫ টি ছোট ছোট পরিবার রয়েছে। এ উপজাতি গ্রামটির বসতির চারপাশে রয়েছে পাহাড়ি বনজ ফলজ ও ফুলের গাছ। উপজাতি পল্লীর সঙ্গে মিলেমিশে রয়েছে লালঘাট গ্রামে শতাধিক বাঙালি পরিবারের। এখানে বাঙালি ও উপজাতি লোকজনের সহাবস্থান প্রশংসাজনক। তারা খুবই অতিথিপরায়ন। গ্রামের পাশে দাঁড়িয়ে দেখা যাবে ভারতীয় সীমানায় থাকা চুনাপাথরের বড় পাহাড়, পাহাড়ের উপরে ছোট ছোট ঘর করে থাকা উপজাতীয়দের বসবাস, মাইলের ও পর মাইল জুড়ে থাকা কাটাতারের প্রতিরক্ষা বেড়া, মেঘালয় রাজ্যের শিলং যাতায়াতের জন্য মহাসড়কে চলাচলকারী চারচাকার বাহনের ছোট-বড় গাড়ীর বহর।
দেশ বিদেশের যে সব পর্যটক ও ভ্রমণ পিপাসুরা জেলা সদর কিংবা তাহিরপুর উপজেলা সদর হয়ে প্রকৃতি দর্শনে যাদুকাঁটা, বারেকটিলা ও টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প, টেকেরঘাট খনিপ্রকল্প লেক ও লাকমাচড়া বেড়াতে আসেন তারা টেকেরঘাট থেকে মাত্র তিন কিলোমিাটার পথ পশ্চিমে এগিয়ে গেলেই দেখতে পারবেন লালঘাট উপজাতীয় পল্লীর ‘‘লালঘাট ঝর্ণা ধারা’’।
লালঘাট উপজাতি পল্লীর নারী নেত্রী শ্রী মতি অনুরাধা দেবী হাজং ও লালঘাট গ্রামের কালাম জানান, কয়েক যুগ ধরে লোক চক্ষুর আড়ালেই ছিল ‘‘লালঘাট ঝর্ণা ধারা” । প্রতি  ঈদের ছুটিতে দূরদূরান্ত থেকে অনেক দর্শানার্থী এখন লালঘাট ঝর্ণা ধারার দৃশ্য উপভোগ করতে আসেন।  
জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খাঁন এবং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম বলেন, সরকারি ভাবে অবকাঠামোগত সুবিধা হলে সিলেটের মাধবকুন্ড জলপ্রপাত দেখতে যেমন দেশ বিদেশের লোকজন প্রতিনিয়ত জড়ো হন ঠিক তেমনি ভাবে ‘‘লালঘাট ঝর্ণা ধারা’’ দেখতেও পর্যটক ও ভ্রমণ পিপাসুরা এখানে এসে ভিড় করবেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) বললেন, লালঘাট ঝর্ণাধারা দেখতে খুব সুন্দর ও দৃষ্টিনন্দন। এটির অবস্থান ভারত- বাংলাদেশ জিরো পয়েন্টে থাকায় সীমান্তের দায়িত্বপুর্ণ চারাগাঁও বিওপির বিজিবিকে অবহিত করে বাংলাদেশ সীমানায় অবস্থান করে যে কোন দর্শনার্থী এ সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন। তবে, সতর্ক থাকতে হবে কোন অবস্থাতেই কেউ যেন ভারতীয় সীমানায় অনুপ্রবেশ না করেন।