লন্ডন প্রতিনিধি
প্রজন্মের পর প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখে এবং সব অনিয়ম, অবিচার আর শোষণের বিরুদ্ধে এভাবেই সোচ্চার থাকে, মৌলবাদী শক্তি যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে লন্ডনে পালিত হল গণজাগরণ মঞ্চ ইউকে‘র ৪র্থ বর্ষপূর্তি।
৮ ফেব্রুয়ারি বিকেলে পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে আয়োজিত বর্ষপূর্তির অনুষ্ঠানের শুরুতে গত চার বছরে নিহত হওয়া ব্লগার, মানবাধিকার কর্মী ও সহযোদ্ধাদের প্রতি শ্র্রদ্ধা জানিযয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নিহত সহযোদ্ধা উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চের সদস্য ব্লগার ব্যারিষ্টার নিঝুম মজুমদার। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ ইউকের মুখপাত্র অজন্তা দেব রায়।
শারমিন জান্নাত ভূট্টো ও সাইফুল ইসলাম মিঠুর যৌথ সঞ্চালনায় আগত অতিথিরা তাদের বক্তব্যে অভিনন্দন ও ধন্যবাদ জানান গণজাগরণ মঞ্চ ইউকে কে।
এ ছাড়াও অনুষ্ঠানে যুক্তরাজ্যে গণজাগরণ সৃষ্টির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা লোকমান হোসেইন, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মেফতা ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদুল্লাহ, যুক্তরাজ্য জাসদের ভাইস প্রেসিডেন্ট মজিবুল হক মনি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, জাতীয় নারী জোট যুক্তরাজ্য শাখার আহবায়ক রুবি হক, কবি গোলাম কবির, টাওয়ার হ্যামলেট লেবার পার্টির মেম্বার্স সেক্রেটারি ড আনিসুর রহমান আনিস, যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চের কো-অর্ডিনেটর কামরুল হাসান তুষার, বাপ্পী চৌধুরী, কয়েস আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ থেকে স্কাইপে সরাসরি যোগ দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপস্থিত অতিথিদের সাথে মত বিনিময়কালে ইমরান জানান, গণজাগরণ শুধুমাত্র মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধেই সোচ্চার হয়নি সেই সাথে তরুণরা শিখেছে প্রতিবাদের ভাষাও। এমনকি ‘জয় বাংলা’ দেশের কোটি কণ্ঠের প্রতিবাদী আর জাতীয় স্লোগানে রূপ পেয়েছে বলে উল্লেখ করেন ইমরান এইচ সরকার।
দেশের সাম্প্রদায়িক আগ্রাসন ও তান্ডব আর হেফাজতের মতো মৌলবাদীদের কাছে সরকারের আত্মসমর্পনের বিরুদ্ধে সোচ্চার হতে সবাইকে আহবান জানানো হয়। তার বক্তব্যের শেষে তাকে তার নতুন জীবনের জন্য যুক্তরাজ্যবাসীদের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে আগত অতিথিদের অনুরোধে সবাইকে স্ক্রিনে এসে শুভেচ্ছা জানান নন্দিতা নাদিয়া ইসলাম। করতালির মাধ্যমে উপস্থিত সবাই তাদের অভিনন্দিত করেন। পরিশেষে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।
- শোক-মোহাম্মদ আজিজুর রহিম
- মিডলসেক্স যুবলীগের শোকসভা- সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে জাতি এক সূর্যসন্তানকে হারিয়েছে


