লন্ডন প্রতিনিধি
গেল জানুয়ারি মাসে সালেহ আহমদ নামের এক ব্যক্তি পরিচালিত হোয়াটসআপ গ্রুপের একটি মন্তব্যকে কেন্দ্র করে লন্ডন বাংলা প্রেসক্লাব কর্তৃক লন্ডনে বাংলামিডিয়ার সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক মতিয়ার চৌধুরীর বিরুদ্ধে বর্তমান কমিটির এক তরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়েছেন সাংবাদিক মতিয়ার চৌধুরী।
উল্লেখ্য যে, গত ২৬ জানুয়ারি আন অফিসিয়াল ওই হোয়াটসআপ গ্রুপে একটি মন্তব্যের জের ধরে সাংবাদিক মতিয়ার চৌধুরীর ক্লাবের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত এবং পরবর্তিতে ২০১৯ সাল পর্যন্ত তার সদস্যপদ স্থগিত করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে তিনি প্রেসক্লাবের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায়।
এব্যাপারে সাংবাদিক মতিয়ার চৌধুরীর বলেন,‘ যেহেতু আমি আইনী ব্যবস্থা গ্রহণ করেছি সে কারণে বিষয়টিকে আমি সাব জুডিস ম্যাটার হিসেবে ধরে নিচ্ছি। আর এ কারণেই আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাচ্ছি না। তিনি বলেন,‘ যেসব কারণ দেখিয়ে আমার সদস্যপদ স্থগিত করা হয়েছে তা সম্পূর্ণভাবে অবৈধ ও ক্ষমতার অপ-ব্যবহার বলে আমি মনে করি। তবে আমার অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবে বৃটেনের আদালত। ন্যায় বিচারের ক্ষেত্রে ব্রিটিশ আদালতের প্রতি আমার আস্থা রয়েছে। আমি সব সময়ই লন্ডন বাংলা প্রেসক্লাবের মঙ্গল চাই।
এদিকে তার সদস্য পদ স্থগিতের বিষয়টি নিয়ে লন্ডনের দু’টি সাপ্তাহিক ও একটি অনলাইন তার বিরুদ্ধে মানহানিকর ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে। তিনি এই দুটি সাপ্তাহিক ও অনলাইনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিয়েছেন।


