লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের কাজ বন্ধ

শহীদ নূর আহমেদ
নবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে সদর উপজেলার সুরমা নদীর উত্তর পাড়ে নেয়া হয়েছিল পল্লী বিদ্যুৎ বিভাগের ৩৩ হাজার কেভি বৈদ্যুতিক লাইন। সম্প্রতি উপজেলা প্রশাসনের অর্থায়নে ওই উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। কিন্তু নির্মাণাধীন ভবনের এক ফুট উপর দিয়ে টানা ৩৩ হাজার কেভি ক্ষমতাসম্পন্ন এই বৈদ্যুতিক লাইন ভবন নির্মাণে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই কয়েক মাস ধরে বন্ধ রয়েছে নতুন ভবনের কাজ।
ঝুঁকিপূর্ণ এই বৈদ্যুতিক লাইন অপসারণে মৌখিক ও লিখিতভাবে বার বার তাগাদা দিলেও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বিষয়টি আমলে নিচ্ছেন না বলে অভিযোগ লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষের।
জানা যায়,  
 ১৯৪৩ সালে স্থাপিত হয় লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়টি। কোন নিয়ম নীতি ও ভবিষ্যৎ চিন্তা না করেই ১৯৯৯ সালে বিদ্যালয়ের উপর দিয়ে টানানো হয়েছিল ৩৩  হাজার কেভি ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন। শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে বিদ্যুৎ লাইন টানা হলেও দেড় যুগেও কোন প্রশ্ন তোলেননি বিদ্যালয় কর্তৃপক্ষ। সময়ের পরিক্রমায় ভবন নির্মাণ প্রয়োজন হলে ৩৩ কেভি লাইনের কারণে আটকে আছে ভবনের কাজ।
বিদ্যালয়ের উপর দিয়ে বিদ্যুৎ লাইন অপসারণের জন্য প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সত্তার মৌখিকভাবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবগত করলেও বিষয়টি আমলে নেয়নি কর্তৃপক্ষ।
উল্টো পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গত ২০ মে লিখিত নোটিশের মাধ্যমে নিরাপদ দুরত্বে ভবন নির্মাণের অনুরোধ জানায় পল্লী বিদ্যুৎ বিভাগ। নোটিশ পাওয়ার ১০ দিন পর ৩০ মে ভবন সমাপ্ত না করার কারণ ও বৈদ্যুতিক লাইনের ঝুঁকির বিষয়টি উল্লেখ করে লাইন অপসারণে জেলা শিক্ষা অফিস থেকে শুরু করে শিক্ষা মন্ত্রনালয় পর্যন্ত সংশ্লিষ্ট ১৪ টি স্থানে লিখিত অভিযোগ দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
লবজান চৌধুরী বালিাকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সত্তার বলেন,‘ লবজান চৌধুরী বালিকা  উচ্চ বিদ্যালয় জেলার একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। লাইন অপসারণে কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয় বরাবরে লিখিত অভিযোগ দেয়া হলেও কোন সুফল পাচ্ছি না আমরা।
এ ব্যাপারে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জিএম জাহিদুল ইসলাম জানান, জিএম ছুটিতে আছেন, আমি ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছি। বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। তবে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে যথাযথ উদ্যোগ নেয়া হবে।