স্টাফ রিপোর্টার
পৌরশহরের নতুনপাড়া এলাকায় ভূঁয়া লাইসেন্স স্টিকার ব্যবহার করে ব্যবসা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে অপু গরম মসলা নামে ভূয়া লাইসেন্সের স্টিকার ব্যবহার করে এই ব্যবসা চালানো হচ্ছে।
শহরের নতুনপাড়ার নিলয় ৮১, আবাসিক এলাকার নিজ বাসায় সুজিত দাস নামের এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছেন। রাসায়নিক পদার্থ ও কেমিকেল ব্যবহার যুক্ত গোলাপজলসহ বিভিন্ন ধরনের সামগ্রী নিজে তৈরি করে বাজারজাত করছেন তিনি।
গরম মসলা, জিরা, পাচঁপোড়ন, কিছমিছ, কালোজিরা, গুয়ামুড়ি, মেথীসহ বিভিন্ন ধরনের তরল পদার্থের খাদ্যদ্রব্য নিজে প্যাকেটজাত করে অপু গরম মসলার স্টিকার লাগিয়ে জেলার বিভিন্ন গ্রামের হাটবাজারের বিক্রি করা হচ্ছে। এছাড়াও ভারতীয় খাদ্যপণ্য আমদানী করে বাসায় প্যাকেটজাত করে বিভিন্ন হাটবাজারে বিক্রি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, লাইসেন্সে ‘তোয়া এন্টার প্রাইজ’ লেখা থাকলেও স্টিকারে ব্যবহার করা হচ্ছে অপু গরম মসলার নাম। লাইসেন্স এক নামে ব্যবসা করছেন অন্য নাম দিয়ে। তাছাড়া কেমিকেল ব্যবহার তো প্রশ্নই উঠে না। এই বিষয়টি খতিয়ে দেখা দরকার।
অপু গরম মসলার ব্যবসায়ী সুজিত দাস বলেন, আমার বৈধ লাইসেন্স আছে। এই লাইসেন্স দিয়ে ৮ মাস ধরে ব্যবসা করছি। লাইসেন্স এ কোনো ভূল থাকতে পারে। হয়তো কেউ অভিযোগ করেছে। তবে এই অভিযোগ মিথ্যা।


