স্টাফ রিপোর্টার
লাস্ট হোপ ইউকে’র উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের ভার্ড চক্ষু হাসপাতালে এই সেবা প্রদান করা হয়। অপারেশন রোগীদের বিদায় জানাতে বুধবার ভার্ড চক্ষু হাসপাতাল কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লাস্ট হোপ ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি ডা. আনোয়ার হোসেইন। সভায় বক্তব্য রাখেন ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. নুর হোসাইন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আকরাম উদ্দিন, ভার্ড চক্ষু হাসপাতালের কর্মকর্তা সজল তালুকদার. ডা. নাজমুল ইসলাম পল্লব।
এ সময় অপারেশনের রোগী ছাতক উপজেলার জাউয়া ভেরগাঁয়ের আলেকজান বিবি (৭২) ও গোবিন্দগঞ্জের আব্দুছ সাত্তার বলেন, আমরা গরীব মানুষ চিকিৎসা করাতে না পেরে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলাম। এখন ছানী অপসারণ করায় চোখে ভাল দেখতে পাচ্ছি। এখন নিজে হেঁটে নামাজ রোজা করতে পারছি।
অপারেশনের রোগী জামালগঞ্জ উপজেলার শাহপুর গ্রামের তৈয়বুন নেছা (৬০) বলেন, কুরআন তেলাওয়াত করতে পারতাম না। এখন ছানী অপসারণ করায় চোখ ভাল হয়েছে। সবই দেখতে পারছি।
সভায় লাস্ট হোপ ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি ডা. আনোয়ার হোসেইন বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে খোঁজে বের করা দরিদ্র চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ১৫ জন রোগীর চোখে ছানী পড়া অপারেশনসহ ৩৫ জন রোগীকে সাধারণ চিকিৎসা দেয়া হয়েছে। সাধারণ রোগীকে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে। ১৫ জন চোখের ছানী অপারেশন করা রোগীকে চশমা, ওষুধপত্রসহ যাবতীয় খরচ প্রদান করা হয়েছে।
ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. নুর হোসাইন বলেন, আমাদের হাসপাতালে দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চোখের ছানী অপসারণ করা হয়েছে। প্রত্যেক রোগীকে ওষুধ ব্যবহারের নিয়ম মেনে চললে অবশ্য অল্প দিনের মধ্যে চোখ ভাল হয়ে যাবে। সুন্দর এই পৃথিবীকে দেখতে পারবেন। জীবনের শেষ প্রান্ত পর্যন্ত নিজের চোখে দেখে নিজস্ব কাজ কর্মসহ চলাফেরা করতে পারবেন।


