বজলুল মজিদ চৌধুরী খসরু
ভ্রমণ কাহিনীতে সবকিছুই থাকে নিজের কথা আর নিজের পরিবারের কথা। নিজের কথা বারবার মানুষকে বলতে দ্বিধা হয়. লজ্জা লাগে। তার পরেও চেষ্টা করেছি যতটুকু পারা যায় নিজেদের কথা এড়িয়ে চলার। এর পরেও কোন পাঠকের বিরক্তির উদ্রেক করলে আগেই ক্ষমা প্রার্থনা করছি।
মার্কিন যুক্তরাষ্ট বা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। এটা পোষাকি নাম। সাধারণ মানুষ যাকে আমেরিকা নামেই চেনে। পঞ্চাশটি রাজ্য বা স্টেটস আর একটি যুক্তরাষ্ট্রীয় জেলা নিয়ে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। আমরা যেটাকে প্রদেশ বলি সেটাই আমেরিকাতে ষ্টেটস। দেশটির রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। আর সব চাইতে বড় শহর হচ্ছে নিউ ইয়র্ক সিটি। পৃথিবীর বেশীরভাগ মানুষের স্বপ্নের দেশ আমেরিকা। আমেরিকাতে সোনার চামচ নিয়ে জন্ম নেওয়ার প্রয়োজন নেই। মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় থাকলে যে কেউ সেখানে উন্নতি করতে পারে। সে দেশে একজন শ্রমিক আর মালিকের মাঝে সম্পর্ক কাজের। এছাড়া আর কোন পার্থক্য নেই। সুযোগের দেশে যারা ছেলেমেয়েদের ভাল লেখা পড়া করিয়েছে তারা এক সময় উপরে উঠে যাবে।
১২৯৮ সালে ইউরোপীয় পর্যটক মার্কো পোলো বিশ্ব ভ্রমণ করেন। তার বিবরণে তিনি জানিয়েছিলেন, পৃথিবীর সব চাইতে সমৃদ্ধশালী দেশ হচ্ছে ভারতবর্ষ। ভারতে স্বর্ণ, রৌপ্য, মনিমুক্তা সহ প্রাচুর্যের এক মহা ভান্ডার। ভারতবর্ষ বিশ্বের এক মহান দেশ। স্পেনের রানী তখন এই ভারতবর্ষ আবিষ্কারের জন্য তার পারিষদদের সাথে আলাপ করলেন। তখন ইটালিয়ান নাবিক কলম্বাস এগিয়ে এসে বললেন, আমাকে সব ধরনের সুযোগ সুবিধা দিলে ভারতবর্ষ যাওয়ার পথ বের করব। স্পেনের রানী রাজী হলেন। কলম্বাসকে দেওয়া হল জাহাজ, খাদ্যসামগ্রী সহ সকল সুযোগ সুবিধা। ১৪৯২ সালে ভাগ্যের অন্বেষণে কলম্বাস জাহাজ ভাসালেন। পশ্চিম দিকে পাল উড়িয়ে নুতন জলপথে ভারতবর্ষ আবিষ্কার করাই ছিল তার লক্ষ্য। পশ্চিম দিকে ছুটতে ছুটতে প্রায় ছয় মাস কেটে গেল। তবু কোন কূল কিনারা পাচ্ছেন না তিনি । কলম্বাসের নাবিকরা বিদ্রোহ করার উপক্রম। হঠৎ দূরে দেখা গেল একটু খানি আলোর রেশ। নিশ্চয়ই সামনে ভূখন্ড। দেখলেন, সত্যিইতো স্থলভূমি, মানুষের পদচারনা। জাহাজ কিনারে ভিড়ল। সেকি মহা উল্লাস। কলম্বাস জয়ধ্বনি করে উঠলেন। ভারতবর্ষ। ভারতবর্ষ। আমরা ভারতবর্ষে পৌছে গেছি। এখন আমাদের সব দুঃখ মুছে যাবে। কিন্তু একি, এর মাটি ও মানুষ ভিন্ন মনে হচ্ছে। ইউরোপীয় পর্যটক মার্কো পোলোর বিবরণের সাথে তো মিলছে না। এখানকার মানুষ লাল রংয়ের অথচ ভারতীয়রা বাদামী বা ইষৎ কালো। ভারতীয়দের মত এরা সুসভ্য নয়। দেশটাও সম্পদশালী নয়। আসলে তারা যে দ্বীপে পৌছেন সেটা ছিল বাহামা। ভারত পৌঁছতে না পেরে কলম্বাস পৌঁছে যান আমেরিকায়। এভাবেই বাকি বিশ্বের কাছে পরিচিত হলো বিশ্বের নতুন এক ভূখ-, যার নাম আমেরিকা। নুতন দুনিয়ার দ্বার খুলে যায়। এর পর স্পেন, পর্তুগাল, ইটালী, জার্মানী সহ পশ্চিম ইউরোপীয় বুভুক্ষু মানুষ আমেরিকায় এসে পাইকারিভাবে হত্যা করে আমেরিকার আদিবাসি রেড ইন্ডিয়ানদের। অনেক আদিবাসী পালিয়ে আশ্রয় নেয় পাশ্ববর্তী জঙ্গলে। অল্পদিনের মাঝেই ইউরোপীয় শ্বেতাঙ্গরা তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করে এই বিশাল সাম্রাজ্যে। তাই দেশটা অভিবাসীদের দেশ। এ দেশের আদি মানুষরা এখন আর তেমন নেই। আজকের আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা এসেছেন কেনিয়া থেকে। এটাতো বেশী দিনের কথা নয়। এখন আমেরিকার নাগরিক হলেই শুধু ভোটাধিকারই নয়, সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। শুধুমাত্র প্রেসিডেন্ট হতে হলে তাকে জন্মগত ভাবে আমেরিকান হতে হবে।
ষাটের দশকে বিশ্বের সমাজতান্ত্রিক শিবির দ্বিধাবিভক্ত হয়ে যায়। একদিকে রাশিয়া আর অপরদিকে চীন। এই দ্বিধাবিভক্তি তৎকালীন পাকিস্তানের রাজনীতিতেও বিভক্তি ঘটায়। অবশ্যম্ভাবীভাবে ছাত্র রাজনীতিতেও বিভাজন চলে আসে। আজকের মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী আর জনাব রাশেদ খান মেনন তখন একই ছাত্র সংগঠন করতেন। যার নাম ছিল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। সমাজতান্ত্রিক শিবির বিভক্ত হওয়ার পর এই ছাত্র সংগঠনটি ব্রেকেটে বন্দি হয়ে যায়। রাশিয়াপন্থীরা হয়ে যান ছাত্র ইউনিয়ন (মতিয়া) আর চীনপন্থীরা হয়ে যান ছাত্র ইউনিয়ন (মেনন)। আমরা তখন সবে কলেজে ঢুকেছি। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মতিয়া) এর সদস্য হিসাবে কতবার আমেরিকাকে মার্কিন সাম্রাজ্যবাদ বলে গালি দিয়েছি তার ইয়ত্তা নাই। ‘সাম্রাজ্যবাদ নিপাত যাক’ শ্লোগান দিতে দিতে কত ঘাম ঝরিয়েছি। এখন বুড়ো বয়সে এসেছি সেই সা¤্রাজ্যবাদ আমেরিকাকে দেখতে। বিশ্বের অনেক দেশ দেখার সুযোগ হলেও আমেরিকা দেখা আমার হয়নি। ১৯৮০ সালে এরকম একটা সুযোগ এসেছিল। আমি তখন পশ্চিম জার্মানিতে। জার্মান থেকে দলে দলে বাংলাদেশীরা বাহামা হয়ে আমেরিকাতে এসেছিলেন। সেদিন সে সুযোগ আমার নেওয়া হয়নি। এবার যাওয়াটা আমার ছেলে দীপের পিএইচডির সমাবর্তন (কনভোকেশন) অনুষ্ঠানে যোগ দেওয়া উপলক্ষে। দীপ আমাদেরকে সমাবর্তন অনুষ্ঠানে যাওয়ার জন্য চিঠি পাঠিয়েছিল। তাছাড়া বাংলাদেশস্থ আমেরিকান দুতাবাসের সাথে অনলাইনে যোগাযোগ সবই দীপের। আমাদেরকে একটা ইন্টারভিউ দিতে হবে। তার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল। আমেরিকার ভিজিট ভিসা পাওয়া নাকি আবার অনেক ঝামেলা। এই বয়সে এত লম্বা সফর করতে ইচ্ছা ছিল না। তার পরেও ছেলের ইচ্ছার দিকটা বিবেচনা করতে হল। ২ এপ্রিল আমার জন্ম তারিখ। সুনামগঞ্জ থেকে আমরা ১ এপ্রিল রাতে রওয়ানা হয়ে যাই। আমার মেয়ে দীয়া আছে ঢাকায়। সেও আমাদের সাথে আমেরিকা যাওয়ার জন্য ইন্টারভিউ দিবে। আমি এবং মুনমুন ঠিক করেছি তিনজনকে ভিসা না দিলে কেউ যাব না।
আমেরিকান দুতাবাসে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নেওয়া যায় না। আমরা একটা মোবাইল সাথে নিয়েছিলাম। বলা তো যায় না বিপদ আপদে কাজ দিবে। কিন্তু এটাকে কোথায় রাখব সেটা নিয়ে পড়লাম আরেক ঝামেলায়। দুতাবাসটির আশে পাশে কোন দোকানও নেই। অনেক ঘুরাঘুরি করে একজন পত্রিকার হকার পেলাম। সে আমার মত অনেকের মোবাইল রাখছে। তার কাছেই মোবাইলটা রাখলাম। সে আমাদের একটা কার্ড দিয়ে দিল। এই কার্ড দেখিয়ে মোবাইলটা নিতে হবে। মনে হল সে এভাবে মোবাইল রেখে কিছুটা আয় করে। তবে আমাদের কাছে কোন টাকা দাবি করেনি। সকাল ৯টায় আমাদের ইন্টারভিউর সময় থাকলেও আমরা অনেক আগেই চলে গেছি। ঢাকায় পথের মধ্যে যানজট থাকে সেই বিবেচনায় সকাল ৭টার দিকেই কমলাপুরের আল-হেলাল হোটেল থেকে রওয়ানা দেই। সকাল ৮ টার কিছুটা আগে পৌছে যাই। আমাদের হাতে সময প্রায় ঘন্টা খানেক । পাশেই গুলশান লেকের পারে হাঁটাহাটি করা আর পত্রিকা পড়ে সময়টা পার করে দিলাম। আমেরিকান দুতাবাসে ঢুকার সময়ই চেকিংয়ের পর চেকিং চলে। আমাদের সাথে পাসপোর্ট আর কিছু আনুষাঙ্গিক কাগজপত্র ছাড়া কিছুই নেই। লাইন ধরে ভিসা প্রার্থীরা এগিয়ে যাচ্ছেন। প্রথমেই একটা কাউন্টারে গিয়ে পুরো দশটা আঙ্গুলের ছাপ দিতে হল। তারপরে কিছুক্ষণ বসে আছি। আমাদের আগে যারা এসেছেন তারা একে একে কাউন্টারে যাচ্ছেন। পাশাপাশি দশটা কাউন্টার আছে। সব কাউন্টারেই ভিসা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। একটা জিনিষ খেয়াল করলাম, যারা ইমিগ্রেন্ট হিসাবে যাচ্ছেন তাদের ভিসা মঞ্জুর হচ্ছে। বেড়ানোর জন্য যারা ভিসা প্রার্থী তাদের বেলায় সাংঘাতিক ভাবে কড়াকড়ি করছে। ভিজিট ভিসা আমাদের আগে তেমন কেউ পেতে দেখলাম না। একসময় আমাদের ডাক পরল। বলা হলÑ আমরা যেন নয় নাম্বার কাউন্টারে যাই। কাউন্টারে যিনি দাঁড়িয়ে আছেন তিনিই আমাদেরকে পরীক্ষা করবেন । ত্রিশ পয়ত্রিশ বছরের মেয়েটি দেখতে চায়নিজ বা জাপানিদের মত। আসলে আমেরিকাতে সবাই অভিবাসি। হতে পারে তাদের পূর্বপুরুষ চীন বা জাপান থেকে আমেরিকাতে গিয়েছিল। আমাদের ডাক পরতেই পাসপোর্টগুলো আগ বাড়িয়ে দিলাম। মহিলাটি তার কাছে থাকা ল্যাপটপে কি জানি টাইপ করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমার পাসপোর্ট হয়েছে তিনটি। মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন করতে করতে পাসপোর্টের বোঝা বেড়েছে। সেখানে বৃটেন, জার্মানি, ইটালি. বেলজিয়াম. ফ্রান্স. চায়না, থাইল্যান্ড, হংকং, সৌদি আরব সহ অনেক দেশের ভিসা। মহিলাটি পাসপোর্টগুলি উল্টিয়ে বারবার দেখছেন। আমার মনে হল মহিলাটি সন্তুষ্ট হয়েছেন। তার পরেও জিজ্ঞাসা করল কি কারণে যেতে চাই। সাথে সাথেই আমার ছেলের দেওয়া সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রনপত্রটা দিতেই নিজের দুই ঠোটকে ঘষাঘষি শুরু করে দিল। এবার আর আমাদেরকে কিছু না বলে আমাদের মেয়েকে বলল, তুমি কি কর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে অনার্স পরছি বলতেই প্রমাণপত্র চাইল। আমরা আগেই প্রস্তুত করে রেখেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীনের একটি প্রত্যায়নপত্র সংগ্রহে ছিল সেটা ধরিয়ে দেওয়া হল। একটু চোখ বুলিয়ে ভিতরে যেয়ে আরেকটি মহিলাকে নিয়ে এসে দুজনে পরামর্শ করেই বলল ”ওয়েলকাম টু আমেরিকা”। একটা ছাপানো লিফলেট আমাদেরকে ধরিয়ে দিল। এই লিফলেটে বাংলা এবং ইংরেজীতে সবকিছু লেখা আছে। আমাদের তিনজনের পাসপোর্টই রেখে দিল। লিফলেটে লেখা আছে পাঁচ দিন পর গুলশানের সায়মন সেন্টার থেকে পাসপোর্টগুলো সংগ্রহ করতে হবে। আমরা একটু শংকিত ছিলাম মেয়ের ভিসা নিয়ে। আমাদের পরের ভিসা প্রার্থীরা আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে আমরা বোধ হয় বিরাট একটা কিছু অর্জন করে ফেলেছি।
দুতাবাস থেকে বের হয়ে একটু দূরে হকার ছেলেটি দাঁড়িয়ে আছে। মোবাইল নেওয়ার জন্য কার্ডের সাথে পঞ্চাশ টাকা দিতেই ছেলেটা খুশি হয়ে একটা সালাম দিয়ে মোবাইলটা বের করে দিল। দেখলাম আরো মোবাইল আছে তার কাছে। মনে হল পত্রিকা বিক্রির সাথে সাথে বিশ্বস্থতার সাথে মোবাইল রেখে ভালই রোজগার করছে। দুতাবাস থেকে দেওয়া লিফলেটটি ভাল করে পড়ে দেখলাম পাসপোর্ট তোলার জন্য একজনকে ক্ষমতাপত্র দেওয়া যাবে। পাঁচদিন ঢাকা থাকা অসহনীয়, তাছাড়া সুনামগঞ্জে আসার একটা তাড়া আছে। একটি ক্ষমতাপত্র লিখে সেটা বাইরে থেকে কম্পিউটার করে আমাদের মেয়েকে দিয়ে দিলাম। পাচদিন পরে দীয়া জানাল, আমার এবং তার পাসপোর্ট ভিসা সমেত পাওয়া গেছে। পাঁচ বছরের মাল্টিপল ভিসা হয়েছে কিন্তু তার মায়ের আবেদনের সাথে দেওয়া ছবি বদল করে দিতে হবে। আবার সুনামগঞ্জ থেকে ছবি তুলে পাঠানো হল। দীয়া এই ছবি নিয়ে আবার জমা দেওয়ার পাঁচদিন পর তার মায়ের ভিসা সমেত পাসপোর্ট পেল।
এবারের আমাদের পুরো আমেরিকা সফরটি ছিল নিশি দীপের বদৌলতে। তারাই আমাদের সমস্ত খরচ বহন করে। আমাদের যাওয়ার জন্য টিকেটটা দিয়েছিল কুয়েত এয়ারলাইন্সে। আমেরিকা যেতে স্বাভাবিকভাবে ২৫/২৬ ঘন্টা বিমানে থাকতে হয়। এছাড়া পথিমধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রা বিরতি আছে। সেটা ৫ থেকে ৭ ঘন্টা পর্যন্ত হয়। কিন্তু কুয়েত এয়ারলাইন্সে যাত্রা বিরতিটা অনেক কম। কুয়েত এয়ারপোর্টে এক ঘন্টা এবং ইংল্যান্ডের হিথ্রো এয়ারপোর্টে এক ঘন্টা যাত্রা বিরতি। এই বিবেচনায় কুয়েত এয়ারলাইন্সে টিকেট পাঠিয়েছিল যাতে আমদের কষ্ট কম হয়। আমাদের যাওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মে। কে-ইউ-২৮৪ নাম্বার ফ্লাইটটি যাবে ঢাকা থেকে সোজা কুয়েত। এই ফ্লাইটটিতে মূলত আমাদের মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসিরা যান। ঢাকা থেকে আমাদের ফ্লাইট ছাড়বে সকাল ০৫-৩০ টায়, কিন্তু আমাদেরকে রিপোর্ট করতে হবে তিন ঘন্টা আগে অর্থাৎ রাত তিনটায়। সিলেট থেকে একটি হাইয়েজ ভাড়া করা হয়েছে। ড্রাইভার আনোয়ার হোসেন। এটা তার নিজস্ব গাড়ি। ব্যাংক থেকে লোন করে গাড়িটি কিনেছে। দক্ষিণ সুরমায় পৈত্রিক বাড়ি বন্ধক দিতে হয়েছে ব্যাংককে। গাড়িটা নতুন এবং ভাল এসি থাকায় সনামগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত একটা আরামদায়ক জার্নি হয়েছে। সুনামগঞ্জ থেকে বিকাল ৪ টায় রওয়ানা হয়ে উত্তরাতে আমার ছেলে দীপের শ্বশুড়ের বাসায় উঠলাম। রাত প্রায় ১২টায় আমরা উত্তরায় পৌছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে না নিতেই রাত দুটো বেজে যায়। আমাদের যেহেতু তিনটায় রিপোর্ট করতে হবে তাই আস্তে আস্তে তৈরি হতে থাকি। উত্তরার বাসা থেকে এয়ারপোর্ট পনেরো মিনিটের রাস্তা। রাত আড়াইটার দিকে আমরা রওয়ানা হয়ে এয়ারপোর্টে পৌঁছে মালামাল নামিয়ে গাড়ি ছেড়ে দেই। ঢাকা এয়ারপোর্টে লাগেজগুলো প্রথমে স্কেনিং মেশিনে ঢুকাতে হয়। স্কেন করার পর তারা একটি স্টিকার দিয়ে দেয়। এটাই লাগেজের চেক আপ করার গ্রিন সিগন্যাল। তার মানে প্রথম পরীক্ষা শেষ হয়েছে। লাগেজের ভিতরে নিষিদ্ধ কোন জিনিষ না থাকলেই এই স্টিকার লাগানো হয়। হ্যান্ড লাগেজগুলো রেখে বাকিগুলোকে কার্গোতে দিয়ে দিলাম। বিমানটির বেশির ভাগ যাত্রীই মধ্যপ্রাচ্যে কাজ করছেন। এই প্লেনেই দেখলাম চারজন মহিলা শ্রমিক যাচ্ছেন। এরা যাবেন বাহরাইন। সিলেটের খাদিমনগরের দিকে বাড়ি। একদম সাদাসিদে মহিলা এরা। বাসার কাজের ভিসা নিয়ে তারা বাহরাইন যাচ্ছেন। তাদের সাথে আলাপ করে ভালই লাগল। এরাইতো আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার সমৃদ্ধ করে রেখেছেন। আমি তাদের এম্বারকেশনের কার্ড পূরণ করে দিলাম। ঢাকা থেকে কুয়েত এয়ারলাইন্সের এই ফ্লাইটটি ছয়টায় ছাড়ার কথা থাকলেও সেটা প্রায় এক ঘন্টা বিলম্ব করল। সকাল সাতটায় ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দর থেকে বিমানটি যাত্রা শুরু করল। আমি ইতিপূর্বে অনেক এয়ারলাইন্সে বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু কুয়েত এয়ারলাইন্সের সিটগুলো আমার কাছে একদম ছোটখাট মনে হল। তাছাড়া তাদের পরিবেশিত খাবারও আমার খুব পছন্দ হয়নি। তারপরেও যাত্রাবিরতি কম থাকায় এটাকেই আরামদায়ক মনে হয়েছে। কুয়েত সময় দুপুর ১২.৪৫ মিনিটে আমরা কুয়েত বিমানবন্দরে পৌঁছি।
কুয়েত এয়ারপোর্টে আমাদেরকে বিমানটি পরিবর্তন করতে হবে। ইংল্যান্ডের হিথ্রো বিমান বন্দরের উদ্দেশ্যে যে বিমানটি যাবে সেটা তৈরি ছিল। এই ফ্লাইটে আমরা ছাড়া গোটা দশেক যাত্রী আছেন যারা ইমিগ্রেন্ট ভিসায় আমেরিকায় যাচ্ছেন। আমরা তিনজনই বেড়াবার উদ্দেশ্যে আমেরিকা যাচ্ছি। কে-ইউ ১০১, বোয়িং ৭৭৭ বিমানটি তৈরি আছে। আমাদেরকে আবার গেইট নং ৫ এ যেতে হবে। কুয়েত এয়ারলাইয়েন্সের এই বিমানটিতে বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের নিয়ে যাবে। তাদের অনেকেই এসেছেন ভারত. পাকিস্তান. ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে। সবাইকে একত্রিত করে এখান থেকে বিমানে তুলা হচ্ছে। যাত্রীদের কেউ যাবেন ইংল্যান্ড আর বাকীরা যাবেন আমেরিকা। বিমানটি ছাড়ল কুয়েত সময় দুপুর ২ টায়। এবার আমাদেরকে নিয়ে যাচ্ছে ইংল্যন্ডের হিথ্রো বিমানবন্দরে। সব এয়ারপোর্টেই চেক-ইনের একটা বিড়ম্বনা আছে। হাতের লাগেজে কোন ধরনের লিকুইড থাকতে পারবে না, এমনকি টুথপেষ্ট পর্যন্ত নয়। চেক-ইনে এসে সব ধরনের মেটালের জিনিস খুলে আলাদাভাবে একটা বাক্সে দিতে হবে। হাতের আংটি, প্যান্টের বেল্ট, ঘড়ি, সব ধরনের সুগন্ধি, বডি ¯েপ্র , মানিব্যাগ, গায়ে কোট থাকলে সেটা, মহিলাদের অলংকার এমনকি জুতা পর্যন্ত খুলে সেই বাক্সে দিতে হবে। এগুলো স্কেন হয়ে যাওয়ার পর মেশিনের অপর পাশ দিয়ে বের হয়ে যাবে। এইগুলো সংগ্রহ করে পড়তে বেশ সময় লেগে যায়। আবার যাত্রীদেরকে স্কেনিং মেশিনে মধ্য দিয়ে যেতে হবে। ২০০১ সালের সেপ্টেম্বরের সংঘটিত সন্ত্রাসী ঘটনার পর প্রত্যেকটি এয়ারপোর্টেই বেশ কড়াকড়ি করা হয়েছে। ইংল্যান্ডের হিথ্রো এয়ারপোর্টে পৌছলাম তাদের সময়ে রাত ৯-৩০ টায়। এখানে আমাদের আবার নামতে হবে। কুয়েত থেকে যে বিমানটি এসেছে সেটাই যাবে নিউইয়র্ক, তবে হিথ্রোতে ক্রুরা পরিবর্তন হবে। যারা ইংল্যান্ড যাবেন তারা এম্বারকেশন কার্ড পূরণ করে দিয়েছেন। আমরা যাব আমেরিকার জন. এফ. কেনেডি এয়ারপোর্টে, তাই আমাদের কোন কার্ড পুরণ করতে হবে না। তারপরেও নাকি আমাদের নামতে হবে। হিথ্রো এয়ারপোর্টে আরো কড়াকড়ি। মনে হয় ন্যাংটা করেই ছেড়ে দেবে। মেটাল ডিটেকটর দিয়ে পুরো শরীর চেক আপ করা সহ আবার হাতের লাগেজগুলোকে মেশিনে দিতে হবে। এমনিতেই ঘুমে কাতরাচ্ছি তার উপর এই চেক আপকে এক সময় অসহ্য মনে হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টায় আমরা নিউইয়র্কের জে,এফ, কে এয়ারপোর্টে নামি। হাতের লাগেজগুলো বিমান থেকে নামিয়ে ছুটছি প্রথম ইমিগ্রেশনের দিকে। এখানে আবার আরেক পরীক্ষা। সব ইমিগ্রেশন কর্তৃপক্ষকে একটা ক্ষমতা দেয়া আছে। ভিসা থাকলেও তারা যদি মনে করে যাত্রীকে ঢুকতে দেওয়া যায় না তাহলে তারা আবার ফিরিয়ে দিতে পারে। যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে এসেছেন তাদের জন্য এক লাইন আর যারা বেড়াবার উদ্দেশ্যে এসেছেন তাদের আলাদা লাইন। আমার কাছে মনে হচ্ছে লাইনটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। একই সাথে অনেকগুলো ফ্লাইট নেমেছে মনে হল। এশিয়ার লোকজনকে দেখলেই চেনা যায়। তবে আমার মনে হল অনেকগুলো ইউরোপিয়ান ফ্লাইট একসাথে নেমেছে। আমরা যেহেতু প্রথমবার আমেরিকা এসেছি তাই একটু দেরি হচ্ছে। আমার মেয়ে নির্দেশনাগুলো পড়ে আমাদের জানাচ্ছে। এক জায়গায় গিয়ে দেখলাম ইমিগ্রেশনের সময় কমানোর জন্য আলাদাভাবে কম্পিউটার, স্কেনার ইত্যাদি রাখা আছে। সব যাত্রীরা নিজেরাই স্কেনারে পাসপোর্ট ঢুকিয়ে তার পরে কি জানি প্রিন্টেড কাগজ বের করছেন আর সেটা নিয়ে কাউন্টারে দৌঁড়াচ্ছেন। একে তো এই প্রথম আমেরিকায় আসা তারপরে অন্য কোন দেশে এরকম কোন ব্যবস্থা না দেখায় কিছুটা খটকার মধ্যে পড়ে গেলাম। এয়ারপোর্টে ডিউটিরত একজন অফিসারকে বলায় তিনি নিজেই এসে আমাদের পাসপোর্ট ভিসা স্কেন করলেন। আমাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে সব ঠিকঠাক হলেও আমার মেয়ের ফিঙ্গার প্রিন্ট মিলছিল না। একটু ঘাবড়ে গিয়েছিলাম। তখন সেই কর্তব্যরত অফিসারটি বললেন, অনেক সময় এটা হতে পারে তাতে ঘাবড়ানোর কিছু নাই। কাউন্টারে যে অফিসার আছেন তিনি আবার সেটা দেখবেন। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি কাউন্টারের দিকে। আমাদের হাতে পূর্বের স্কেন করা কাগজ। আমি ও মুনমুন এগুলো দেখাতেই এন্ট্রি পেতে খুব একটা সময় লাগলনা। দীয়ার ফিঙ্গার প্রিন্ট আবার তারা মেশিনে ঢুকিয়ে দেখল। এবার একবারেই সবকিছু ঠিকঠাক। একটা নির্মল হাসি দিয়ে মেয়েটা বুঝাতে চাইল তার কোন অসুবিধা হয়নি। এবার আমাদের লাগেজ নিতে হবে। কুয়েত এয়ারওয়েজে যারা এসেছেন তাদের লাগেজ নিতে হবে ৮ নং বেল্ট থেকে। সেখানে গিয়ে দেখি আমাদের লাগেজগুলো একা একাই বেল্টের উপর ঘুরপাক খাচ্ছে। লাগেজর জন্য ট্রলি আনতে গিয়ে পড়লাম আরেক বিপাকে। ট্রলি আসতে চাইছে না। আমাদের দেশে যত্রতত্র ট্রলি পড়ে থাকে। টান দিয়েই ট্রলি নিয়ে আসা যায়। এখানে আবার দেখলাম সব ট্রলি অটোমেটিক তালাবদ্ধ । একটু তাকিয়ে দেখলাম লিখা আছে- প্রতিটি ট্রলির জন্য ছয় ডলার করে দিতে হবে। দশ অথবা বিশ ডলারের নোট ঢুকালে বাকী ডলারগুলো বেরিয়ে আসবে আর সাথে সাথে একটা ট্রলির বন্ধন খুলে যাবে। আমার কাছে সবগুলোই একশত ডলার নোট। পড়লাম মহা মুস্কিলে। একটু দূরে দেখলাম এয়ারপোর্টের একজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। তিনি আমার বিষয়টা বুঝতে পেরে আমাকে ভাংতি দিয়ে আপাতত উদ্ধার করলেন। এবার আমরা ইমিগ্রেশন থেকে বেরিয়ে যাব।
আমাদের নেওয়ার জন্য এয়ারপোর্টে বউমা নিশির আসার কথা। দীপ মাসখানেক আগে চাকুরী পেয়ে এরিজোনা স্টেটে চলে যাওয়ায সে আসবে না। এরিজোনা থেকে বিমানে নিউ ইয়র্ক আসতে প্রায় পাঁচ ঘন্টা লাগে। তবে এদিকটা সবকিছু ঠিকঠাক করে রাখা ছিল। দীপ জানিয়েছিল, নিশির সাথে আমাদের পূর্ব পরিচিত রুমু এবং তার স্বামী মার্ক আসবে। রুমু আমাদের পূর্ব পরিচিত থাকলেও প্রায় বিশ বছর চলে গেছে, তাদের সাথে কোন যোগাযোগ নেই। দীপ এবং নিশি কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই রুমু এবং তাদের পরিবার ছিল তার আপনজন। তাছাড়া কানেক্টিকাটে আর কোন বাংলাদেশী পরিবারের সাথে তাদের পরিচয় ছিল না। ইউনিভারসিটিতে থাকা গুটি কয়েক বাংলাদেশী ছাত্র ছাত্রী ছাড়া এই পরিবারটির সাথেই ছিল তাদের ঘনিষ্টতা। এক সময় রুমু আমাদের প্রতিবেশী ছিল। আমাদের পাশের বাসাটা সাবেক ফিসারি অফিসার মরহুম আব্দুল জব্বার সাহেবের। এই বাসাতে ভাড়াটিয়া হিসাবে থাকতেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মরহুম আব্দুল মান্নান সাহেব। অত্যন্ত স্বজ্জন মানুষ ছিলেন এই মান্নান সাহেব। প্রতিবেশি হিসাবে আমাদের সাথে পারিবারিক সম্পর্ক হয়ে যায়। মান্নান সাহেব কাজের জন্য ধর্মপাশার হাওড়ে দশ পনেরো দিন থাকতেন। এই সময়টাতে পরিবারটি পুরোপুরি আমাদের সাথে এক পরিবারের মত থাকতেন। রুমু তখন দশ বছরের বালিকা। আমার ছেলে দীপ তখন ছোট। দীপকে সারাক্ষণ কোলে পিঠে করে থাকত। দীপ খেতে না চাইলে রুমু আসত। রুমু গান , কবিতা ইত্যাদি বলে ভাত খাইয়ে দিত। পরিবারটি ছিল সাংস্কৃতিমনা। আমাদের তুলিকা ঘোষ চৌধুরীকে দেখতাম রুমুকে গান শেখাত। রুমু খুব ভাল রবীন্দ্র সংগীত গাইত। একসময় তারা বদলি হয়ে সিলেট চলে যায়। তারপর থেকে তেমন যোগাযোগ ছিল না। হঠাৎ একদিন জব্বার সাহেব জানালেন, মান্নান সাহেব হার্ট এ্যটাকে মারা গেছেন। এরকম একটা দু:সংবাদ শুনে খুবই আঘাত পেলাম। মান্নান ভাই ছিলেন কুমিল্লার লোক। আমার ধারণা ছিল ভাবী ছেলে মেয়েদের নিয়ে কুমিল্লা চলে গেছেন। মান্নান ভাই মারা যাওয়ার পর থেকে এই পরিবারটির খোঁজ খবর করতাম। বিশেষভাবে জব্বার সাহেবের কাছেই সব খবর পেতাম। উনি সিলেট গেলে সব সময় খোঁজ খবর করতেন। মান্নান সাহেব তার চাকুরী জীবনের পুরো সময়টা সিলেট এলাকায় কাটিয়েছেন। এই এলাকার লোকদের সাথেই পরিবারটির ঘনিষ্টতা ছিল তাই ভাবী কুমিল্লা না গিয়ে সিলেটকেই তার ঠিকানা করে নিয়েছিলেন। এক সময় ভাবি সিলেটের বি.ডি.আর স্কুলে শিক্ষকতার চাকুরী নেন। দুই ছেলে, দুই মেয়ে নিয়ে সিলেটে একটি বাসা ভাড়া করে থাকতেন। ছেলে মেয়েদের পড়াশুনার খরচ মেটানোর প্রয়োজনে নিজে টিউশনি করতেন। মেয়ে রুমু সিলেট ব্লু- বার্ড স্কুল থেকে গোল্ডেন জিপিএ পেয়ে এসএসসি পাশ করে। এইচএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করে মেডিকেল কলেজে ভর্ত্তি হয়। মেডিকেল কলেজে প্রথম বর্ষে থাকা অবস্থায় সিলেটের মানুষের সাথে নিজেও ও-পি-১ লটারিতে অংশগ্রহণ করে। এটাই তাদের পরিবারের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। ও-পি-১ লটারিতে আমেরিকা অভিবাসনের জন্য নির্বাচিত হয় রুমু। এই লটারিতে নির্বাচিত হলেও আমেরিকাতে একজন স্পনসর নির্বাচন করতে হয়। ব্লূ- বার্ড স্কুলের সাথী মরহুম হামিদ বখত অ্যাডভোকেট সাহেবের মেয়ে তার সাহায্যে এগিয়ে আসে। মরহুম হামিদ বখত সাহেবের আত্মীয় স্বজন আমেরিকাতে থাকায় তারাই এই মেয়ের জন্য কাগজ পত্র পাঠান। আঠারো বছরের রুমুর জীবন যুদ্ধ শুরু হয় আমেরিকায়। প্রথম দিকে আরেকটি মেয়েকে নিয়ে একটা এপার্টমেন্ট ভাড়া করে নিউইয়র্ক থাকত। প্রায় বছর খানেক রেস্টুরেন্টে চাকুরী করার পর সিদ্ধান্ত নেয় একটা কোর্স করার। বিভিন্ন বিশ্ববিদ্যালযে দরখাস্থ করার পর ইউনিভারসিটি অব কানেক্টিকাটে একটা সুযোগ আসে। একাউন্টিং এর উপর কোর্স করতে যেয়ে সারা বছরের সঞ্চয়ের টাকা টিউশন ফিতেই শেষ হয়ে যায়। আবার তাকে পার্টটাইম কাজ করে সঞ্চয় করতে হয। এভাবে দিনের পর দিন কাজ আর পড়াশুনা করে এক সময় সে কোর্সটা সমাপ্ত করে। এই কোর্স করাটাই তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। প্রথম দিকে একটা ইন্সুরেন্স কোম্পানীতে একাউন্টস সেকশনে কাজ নিলেও এখন সে এই কোম্পানির বড় কর্তা। ইউনিভারসিটিতে পড়াকালীন সময়ে পরিচয় হয় মার্ক জারডিম নামে এক আমেরিকান ছেলের সাথে। মার্কের বাবা ইটালিয়ান মা পর্তুগিজ। তারাও অভিবাসি হিসাবে আমেরিকায় আসেন। মার্কের সাথে মন দেয়া নেয়া, এক সময় তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। এখন মার্ক এবং রুমু একটি সুন্দর জুটি। রুমু আমেরিকার নাগরিকত্ব পাওয়ার পর তার মা, ভাই সবাইকে আমেরিকায় নিয়ে আসে। ফেইসবুক অনেক সময় বহু পুরাতন মানুষের সাথে সংযোগ ঘটিয়ে দেয়। এই ফেসবুকেই একদিন রুমু পেয়ে যায় দীপকে। দীপের সাথে ফেসবুকে চ্যাট করে এক সময় তারা বন্ধু হয়ে যায়। দীপ কানেক্টিটাক বিশ্ববিদ্যালয়ে আসার আগে এলাবামা বিশ্ববিদ্যালয়ে ছিল। এলাবামা থাকা অবস্থায়ই তারা ফেইসবুকে পরিচয় হলেও দেখা সাক্ষাত হয়নি। দীপ গবেষণা করার জন্য কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাওয়ার পর তারা একদম কাছে চলে আসে। সেই থেকেই রুমু আর মার্ক হয়ে যায় নিশি আর দীপের স্থানীয় অভিভাবক। তাই আমাদের আমেরিকা আসার আগে রুমুর সাথে আলাপ আলোচনা করার পরই সব কিছু ঠিকঠাক করে রাখে তারা।
নিউইয়র্কের এই এয়ারপোর্টটির নাম জন এফ কেনেডি এয়ারপোর্ট। সংক্ষেপে এটাকে জেএফকে এয়ারপোর্ট বলা হয়। আমেরিকার জনপ্রিয় প্রেসিডেন্ট জনএফ কেনেডির নামে এই বিমানবন্দর। আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই এয়ারপোর্টেই অবতরণ করে। এছাড়াও আরো কিছু অভ্যন্তরীণ এয়ারপোর্ট নিউইয়র্ক শহরেই আছে। আমরা যেহেতু কানেক্টিকাট স্টেটের উইন্ডসর শহরে যাব তাই এই এয়ারপোর্টেই আমরা অবতরণ করেছি। ঝকঝকে বিমানবন্দর। মনে হয় যেন আমাদের চেহারাটা ফ্লোরে তাকালেই দেখা যাবে। আমরা যেহেতু প্রথম এসেছি তাই সব কিছুই আমাদের কাছে ভাল লাগছে। কিন্তু আমাদের সেগুলো দেখার সময় নাই। আমরা চিন্তায় আছি যদি বাইরে বের হয়ে কাউকে না পাই তখন কি হবে। অনেক কিছুই তো ঘটতে পারে। পথে জানজটে পরলে আসা দেরি হতে পারে। ছেলে দীপ আসবে না এটাও একটা চিন্তার কারণ। ইমিগ্রেশন শেষ করে বারো ডলার দিয়ে দুটো ট্রলি বের করে লাগেজগুলো ট্রলিতে তুলেছি। হাতের লাগেজগুলো ট্রলিতে দিয়ে দিয়েছি। একটা ট্রলি আমি আরেকটি আমার মেয়ে ঠেলতে ঠেলতে হাঁটছি। রাস্তা তো অনেকগুলো আছে কোন রাস্তা দিয়ে ্েবর হব এটাও একটা বিষয়। যারা কানেক্টিং ফ্লাইট ধরবেন তারা একদিকে চলে যাচ্ছেন। আমাদের সাথে যে সকল বাঙালি প্যাসেঞ্জার এসেছিলেন তারা যে কোনদিকে গেলেন সেটা দেখিনি। অগত্যা বেশী প্যাসেঞ্জার যেদিকে যায় তাদের পিছনে পিছনে ছুটলাম। এক সময় দেখি বের হয়ে গেছি। আরো অনেকেই তাদের যাত্রীকে নিতে এসেছেন।
যারা বিদেশে এসেছেন তারা সবাই জানেন, বিদেশে একটা পরিচিত মুখ দেখলে কি রকম অনুভূতি লাগে। আমরা কি কখনও ভেবে দেখি নিজের কাজ ফেলে বা অফিস ফাঁকি দিয়ে এই মানুষগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের এয়ারপোর্ট থেকে নিতে এসেছেন। পথের মাঝে কত ঝক্কি ঝামেলা তাদেরকে পোহাতে হচ্ছে। এই সকল অমূলক কথা চিন্তা করতে করতে বের হয়ে এদিক সেদিক তাকাচ্ছি, হঠাৎ দেখি নিশি আর তার সাথে আরেকটি মেয়ে আমাদের দিকে তাকিয়ে হাত নাড়ছে। আমিও হাত নেড়ে জানান দিলাম। সাথে মেয়েটি কাকে জানি মোবাইল ফোনে কথা বলছে। দেখি একটা আমেরিকান ছেলে দৌঁড়ে এসে আমাদের ট্রলিতে থাকা লাগেজগুলো টপাটপ গাড়িতে তুলতে লাগল। একটু কাছে আসতে মনে হয়ে গেল আরে এতো আমাদের সেই ছোট্ট রুমু। আমার মেয়ে তাকে কোনদিন দেখেনি তবে দীপ আমাদের সাথে প্রায়ই রুমুর কথা বলত। তাতেই তার একটা অবয়ব দাঁড়িয়ে আছে। রুমু এসেই আমাকে জড়িয়ে ধরল, বলল- চাচা আমাকে চিনতে পারছেন? সেই কবে দেখেছিলাম ছোট রুমুকে, তাও সেটা প্রায় বিশ বছর আগে। মনে পড়ল মান্নান ভাইয়ের কথা। ধর্মপাশার হাওড়ে যাওয়ার আগেই আমাকে বলতেন- ভাই আপনি আছেন তাই চিন্তা করি না। বাসার দিকে খেয়াল করবেন। মন চলে গেল সেই বিশ বছর আগের দিনে। আমাদের লাগেজ বেশি হবে মনে করে রুমুর স্বামী মার্ক তার পারিবারিক একটা বড় গাড়ি নিয়ে এসেছে। আমাদের এখন যেতে হবে কানেক্টিকাট স্টেটের উইন্ডসর শহরে। জেএফ কেনেডি এয়ারপোর্ট থেকে আরো তিন ঘন্টা গাড়িতে বসে থাকতে হবে। এমনিতেই প্রায় পচিশ ঘন্টা জার্নি হয়ে গেছে। এখন আবার তিন ঘন্টা বসে থাকা। কতটুকু শরীর মানবে জানি না। তার পরেও আমেরিকার বড় বড় গাড়ি, আট লেনের হাইওয়ে, সুন্দর সুন্দর অট্টালিকা এগুলো দেখতে গেলে তো আর ঘুমানো যায় না। মনে হল পৃথিবীর সম্পদকে এভাবে কেন সৃষ্টিকর্তা ভাগ করলেন। কারো কোন সম্পদ নাই আবার কেউ কতটা আছে সেটা জানে না। গাড়ীতেই রুমুর কাছ থেকে তার আমেরিকা আসা, মার্কের সাথে পরিচয় ও বিয়ের কাহিনি শুনছিলাম। গাড়ি চালাচ্ছে মার্ক। আমার মনে হচ্ছে সে মনে হয় রাতে ঘুমায়নি। মাঝে মাঝে হাই তুলছে। পাশে রুমু বসা। আর তার গালে হাত দিয়ে বলছে ঘুম পাচ্ছে সোনা। আর একটু সময়, তার পরেই ছুটি হয়ে যাবে। গাড়িতে যখন যাচ্ছি তখন আমেরিকায় রাত। গাড়িতে থাকা অবস্থায়ই নিশির কাছে একটা ফোন এল। নিশি ফোনটা এগিয়ে দিয়ে বলল, বাবা মারুফ চাচ্চু আপনাকে ফোন করেছেন। মারুফ মানে আমাদের মারুফ চৌধুরী। পচাত্তর পরবর্তী ছাত্র লীগকে সংগঠিত করতে যিনি অবদান রেখেছিলেন সেই মারুফ চৌধুরী। তবে আমাদের সাথে সম্পর্ক রাজনৈতিক নয়। মারুফ আমেরিকায় অনেক মানুষের উপকার করে সেটা সবাই অকপটে স্বীকার করেন। আমাদের নিশি ও দীপ যতবার দেশে আসে ততবারই বলবে মারুফ চাচু সব সময় আমাদের খোঁজ খবর করেন। আলাবামা থেকে যখন তারা কানেক্টিকাট স্টেটে আসে সে সময় তাদের কাছে এক বছরের জমানো বাসার জিনিস পত্র সহ প্রায় ১২ টা লাগেজ ছিল। তাদের আসতে হবে প্রথম নিউ ইয়র্ক পরে সেখান থেকে কানেক্টিকাট। কিন্তু কানেক্টিকাট যাওয়ার আগে বাংলাদেশে আসার জন্য টিকেট করে ফেলেছে। তাদের ইচ্ছা বাংলাদেশ থেকে ঘুরে গিয়ে কানেক্টিকাটে নুতন জীবন শুরু করবে। তাদের বাসার জিনিস পত্র মানে বারোটা লাগেজ রাখার জন্য দীপের স্কুল সময়ের বন্ধু প্রশান্তের বাসাটা ঠিক করে রেখেছিল। প্রশান্ত থাকে লং আইল্যান্ডে। লং আইল্যান্ড আবার নিউইয়র্ক থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। ট্রেনে করে লাগেজগুলি এলাবামা থেকে আনলেও ষ্টেশন থেকে এগুলো নিতে হলে গাড়ি লাগবে। আর সেটা যদি টেক্সি করে লং আইল্যান্ড নিতে হয় তাতে এই ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের এক মাসের ডলার চলে যাবে। নিউইয়র্ক থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে থাকা তার ক্লাসমেইট প্রশান্তকে তাদের সমস্যার কথা বলতে সে রাজী হয়েছিল লাগেজগুলো রাখতে। প্রশান্ত এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজের হাতে লাগেজগুলো গাড়িতে তুলে তার বাসায় রেখেছিল। দীপ নিশি দেশ থেকে আমেরিকা এসে প্রায় দুই মাস পর এই লাগেজগুলো নিয়ে গেছে। নিউইয়র্কের দর্শনীয় স্থান যেমন ষ্ট্যাচু অব লিবার্টি. এলিস আইল্যান্ড, ম্যানহাটন সিটি দেখার জন্য নিউ ইয়র্কে শহরে থাকলে সুবিধা। তাই তারা মারুফের সাথে যোগাযোগ করে। মারুফ অত্যন্ত আগ্রহ ভরে তাদেরকে বাসায় জায়গা দেয়। এই কথাটা দীপ নিশি সব সময় বলে। ১৯৭১ সালে সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন মোখলেছুর রহমান সাহেব। তার ছেলে ছিল পিকুল। এই পিকুল প্রথম যখন আমেরিকার নিউইয়র্কে যায় তখন তার থাকার কোন জায়গা ছিল না। মারুফ তাকে পার্কে বসা অবস্থায় পায় এবং থাকার জায়গা দেয়। পিকুল ফেইসবুকে স্ট্যটাস দিয়ে এই কৃতজ্ঞতার কথা জানিয়েছে। আমার আমেরিকা আসার পর নিজের ছেলে এবং বউমা ছাড়া পরিচিতজনদের মাঝে মারুফের ফোন পাই। আমি কুয়েত এয়ারলাইন্সে উঠার আগে ফেইসবুকে একটা স্ট্যটাস দিয়েছিলাম সেটার সূত্র ধরেই সে ফোন করে। সে মনে করেছিল আমাদেরকে রিসিভ করে তার বাসায় নিয়ে যাবে। তার এই ফোন করাটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে।
প্রায় তিন ঘন্টা গাড়িতে করে আমরা কানেক্টিকাটের উইন্ডসর শহরে চলে এসেছি। আমাদেরকে একটা দ্বিতল বাড়ির সামনে নিয়ে আসা হয়েছে। সুন্দর পরিপাটি একটি বাড়ি। সামনে পিছনে প্রচুর জায়গা। বাড়িটা নাকি রুমুদের। বাড়িটার নীচতলায় একটি পরিবার ভাড়া থাকে। উপরতলাতে নাকি ভাড়াটিয়া ছিল। মাস দুয়েক হয় আগের ভাড়াটিয়া চলে যাওয়ায় নুতনভাবে কোন ভাড়াটিয়া দেয়া হয়নি। আর ভাড়া না দেওয়ার কারণ নাকি আমরা। আমরা যতদিন থাকি এ বাসাতেই থাকতে পারব। আমাদের অবশ্য কানেক্টিকাটে থাকার মেয়াদ হচ্ছে ছয় দিন। ৯ মে আমরা চলে যাব এরিজোনা ষ্টেটের চ্যন্ডলার নামক শহরে। জেট লেগ নামক একটি আধুনিক শব্দ এখন বহুল প্রচলিত। এটা মূলত ঘুমের সমস্যা সংক্রান্ত। আমাদের যখন রাত আমেরিকায় তখন দিন। স্বাভাবিকভাবে শরীর, মন এবং মস্তিষ্কের সব হিসাব উল্টা পাল্টা হয়ে যায়। ইচ্ছা করলেও রাতে ঘুমানো যায় না। আবার দিনে খুব ঘুম পায় আর সেটাকেই আধুনিক ভাষায় বলা হয় জেট লেগ। এই জেট লেগ থেকে উত্তরণ করতে স্বাভাবিকভাবে এক সপ্তাহ লেগে যায়। রুমুর স্বামী মার্ক এক নিমিষেই সবগুলো লাগেজ উপরতলায় তুলে নিল। বাড়িটিতে সেন্ট্রেল হিটিং এর ব্যবস্থা আছে। আমরা যখন কানেক্টিকাট স্টেটে যাই তখন সেখানে বেশ ঠান্ডা। ঘরের টেম্পারেচার বাড়ানো কমানো সব কিছু রুমু দেখিয়ে দিয়েছে। পুরো দুটি বেড রুম। প্রতিটি রুমের সাথে আছে ওয়াসরুম। ওয়াসরুম গুলিতে বাথটাব আছে। ইচ্ছে করলে গরম পানি ভরে ডুবে থাকা যায়। আমাদের চা নাস্তা করার জন্য সব ব্যবস্থাই করে রেখেছে তারা। শুধু আমাদের খাওয়া দাওয়ার জন্য রুমুদের বাসায় যেতে হবে। আমরা যেখানে আছি সেখান থেকে রুমুদের বাসা খুর দূরে নয়। পায়ে হেঁটে যাওয়া যায়। নিশি আমাদের সাথে থাকায় তার গাড়িতে করেই আমরা যেতাম। একদিন সকালে আমার স্ত্রী ডিম ভাজছে। এই সময় প্রচন্ড শব্দ শুরু হল। কিসের শব্দ। কিছুই বুঝতে পারছি না। এই শব্দটাকে বন্ধ করার কোন পদ্ধতিই আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে নিশি থাকত। সে ছিল ঘুমে। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি জানালাগুলো খুলে দিল তাতে শব্দ বন্ধ হয়ে গেল। পরে জানতে পারলাম ঘরটিতে স্মোক ডিটেক্টর আছে। ডিম ভাজতে গিয়ে বেশী ভাজা হওয়ায় স্মোক ডিটেক্টর বারবার সিগন্যাল দিচ্ছিল। রুমুদের বাসায় আরেকদিন খাওয়ার জন্য গেছি। সেদিন একটা মজার কাহিনী শুনলাম। রুমুর আম্মু তার জামাই অর্থাৎ মার্ককে আব্বু ডাকতেন। এই আব্বু ডাকটা মার্কের একদম পছন্দ হত না। মুখ খুলে কাউকে কিছু বলত না। অত্যন্ত ভদ্র এবং শিক্ষিত ছেলে হওয়ায় বিষয়টা নিয়ে সে প্রকাশ্যে কিছু বলেনি। ভাবি যতবারই আব্বু সম্বোধন করে তাকে ডাক দিতেন ততবারই সে বিরক্ত হত। একদিন উপায়ন্তর না পেয়ে বিষয়টি সে রুমুর কাছে প্রকাশ করে। রুমু তাকে বারবার বলছিল তাতে অসুবিধার কি আছে। আমাদের দেশে ছেলেকে আদর করে আব্বু ডাকা হয়। তাতে মার্ক খুব একটা সন্তুষ্ট হতে পারেনি। এক সময় মার্ক তার ক্ষোভের কারণ রুমুর কাছে প্রকাশ করে। মার্ক ডিজনির আলাউদ্দিন সিরিজটা কয়েকবার সে দেখেছে। সেখানে একটি বাদরের চরিত্র ছিল। এই বাদরটাকে আলাদিন খুব আদর করত। সিরিজটাতে আলাদিন বাদরটাকে আব্বু বলে ডাক দিলেই সে তার কোলে চলে আসত। আলাউদ্দিন তাকে আদর করত। খাবার দিত কিন্তু বাদরামি সে ছাড়ত না। মার্ক মনে করেছে তার শাশুড়ি সম্ভবত তাকে বাদর মনে করে তাই এভাবে আব্বু বলে ডাকে। বিষয়টি শুনার পর আমরা হাসাহাসি করলাম। পরে আমি সহজ সরল মার্ককে আব্বুর অর্থ বুঝানোর পর সে কিছুটা আশ্বস্থ হযেছিল।


