লুকিয়ে থাকা

কুমার সৌরভ

যতই পড়াও বস্ত্র এই শরীরে
ভেতরের সেই আমি একই রয়ে যাই
নিজস্ব নিয়মে।

যতই বলে যাও কথা দোহাই পাড়ো প্রগতির
তুমি সেই একই রকম থেকে যাও
আপন বিশ্বাসে।

তুমি আমি আলাদা হয়ে আছি কত কত কাল
বিচ্ছেদ বাড়ে দূরত্ব বাড়ে
তবু নিঃশ্বাসের বিষ জল হয় না।

বস্ত্র পড়ে ঢেকে রাখা হয় শরীরের গোপনীয়তা
আর ভিতরের আদিম হিংস্রতা আড়াল করে রাখে
কতিপয় শব্দের মায়াজাল।

আমাকে পেলেই হৃদপিন্ড ছিড়ে নিবে জানি
তুমিও জানো নদীতে পা রাখলেই
কুমিরের মতো খুবলে নিব মাংসের শরীর।

এমন স্বতঃসিদ্ধ ধ্রুবসত্য জেনেও
কেমন মুখোশের অন্তরালে লুকিয়ে রাখি
তুমি আমি দু’জনেই নিজেদের আসল চেহারা।

দূরত্ব যখনই দূরত্বে মিলাতে চায়
তখনই বজ্রপাত হয় ধ্বংসের বিকট আওয়াজ
নৈকট্য হয়ে যায় বিষঠোটে চুমো দেওয়া।
২১.০৯.২০১৭