লোকবল সংকটে জামালগঞ্জ কৃষি অফিস, বিপাকে কৃষকরা

জামালগঞ্জ প্রতিনিধি
হাওর বেষ্টিত জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকটে রয়েছে। কৃষি অফিসের ২৯টি পদের মধ্যে কর্মকর্তা সহ ১৬ টি পদ শূন্য।
জানা যায়, কৃষি কর্মকর্তা মো. আজিজল হক গত জুলাই মাসে পদোন্নতিজনিত কারণে বদলি হওয়ার পর থেকে এখন পর্যন্ত পদটি শূন্য রয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন টিপু জুলাই মাস থেকে জামালগঞ্জে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছেন।
জানা যায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ২ টি পদের মধ্যে ২টি, উপসহকারী কৃষি কর্মকর্তা ১৫ টি পদের মধ্যে ৮টি, অফিস সহকারী ৩টি পদের মধ্যে ২টি, পি পি এম ২ টি পদের মধ্যে ১ টি, অফিস সহায়ক ১ টি পদের মধ্যে ১ টি ও অফিস গার্ড ১ টি পদের মধ্যে ১ টি শূন্য রয়েছে।
এদিকে বোরো মৌসুমে কৃষি অফিসে জনবল সংকটের কারণ কৃষকরা পড়েছেন বিপাকে। পাগনার হাওরের কৃষক প্রিন্স তালুকদার বলেন, এ বছর এমনিতেই দেরি করে হাওরের পানি নামছে। বীজ বপন এবার অনেক পরে হচ্ছে। বীজতলা ও ধান রোপণের পর অনেক রোগ বালাই দেখা দেয়। বিশেষ করে সবজি চাষে সঠিক সময়ে পরামর্শ না পাওয়ার কারণে অনেক সবজি চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই কৃষকের সংকটকালীন সময়ে দ্রুত পরামর্শের জন্য জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসার সহ সকল শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হাওরবাসীর পক্ষে আহবান জানাচ্ছি।
জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) সালাউদ্দিন টিপু বলেন, আমি অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছি। জনবল সংকটের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও পুরোপুরি সেবা দিতে পারছি না। শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে লিখিত আবেদন করেছি।
সুনামগঞ্জ জেলা উপপরিচালক ফরিদুল হাসান বলেন, কৃষি কর্মকর্তা খুব দ্রুত পদায়ন হবে। আর উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ থাকা সত্ত্বেও হাইকোর্টে স্থগিতাদেশ থাকার কারণে পদায়ন করা যাচ্ছে না। আশা করি দ্রুত সমাধান হবে।
সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীলিপ কুমার অধিকারী বলেন, হাওর অঞ্চলের কৃষি অফিসগুলোতে জনবলের বিরাট সংকট রয়েছে। এরকম সংকট থাকলে উৎপাদনে ঘাটতি দেখা দিবে। জনবল সংকট দূর করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। অচিরেই জামালগঞ্জ কৃষি কর্মকর্তা পদটি পূরণ হয়ে যাবে।