স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার বোরো ফসল রক্ষা করতে এবার একশো কোটি টাকা প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। কৃষকদের দ্বারা গঠিত পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) এর মাধ্যমে শত কোটি টাকা দিয়ে নির্মিত হবে হাওরের ফসল রক্ষা বাঁধ। জেলার ১২ উপজেলার ৪৮ টি হাওরের ৭০০ কিলোমিটার ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ করা হবে।
মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের ৯ নং পিআইসির বাঁধে মাটি ফেলে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনকালে এই তথ্য জানান জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ফসল রক্ষা বাঁধের নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করার নিয়ম আছে। সে অনুযায়ী আজকে বিশ্বম্ভপুর উপজেলায় ফসলরক্ষা বাঁধের কাজ উদ্বোধন করেছি। পুরো জেলায় এবছর প্রাথমিক ভাবে ৭০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে। আপাতত যেখানে জনগুরুত্বপূর্ণ, প্রয়োজন বেশি সেখানে কাজ শুরু করেছি। কৃষক, জনপ্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে পরে যেখানে প্রয়োজন হবে সেখানে নতুন স্কীম গ্রহণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহমান জাদিদসহ উপজেলা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ বাস্তবায়নে পিআইসি গঠনে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-১ মামুন হাওলাদার, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহমান জাদিদ, জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা কাবিটা কমিটির সদস্য বীর মুক্তিযুদ্ধা আবু সুফিয়ান, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক, উপজেলা কমিটির সদস্য সচিব পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. মুনছুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ফতেপুর ইউপি সদস্য আব্দুল হেকিম, মন্তুষ দাশ, নুর মিয়া, প্রেসক্লাব সভাপতি সভাপতি স্বপন কুমার বর্মন, আরটিভি জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, সময় টেলিভিশন প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, এমপি’র প্রতিনিধি মুনছুর নুর চৌধুরী, কৃষক প্রতিনিধি প্রসূন কান্তি দাশ, লাকি মিয়া, পরিমল বর্মন প্রমুখ।


