শতবর্ষে সুহাসিনী

স্টাফ রিপোর্টার
শ্রীমতি সুহাসিনী সেন এর আজ শততম জন্মদিন। শতবর্ষের প্রান্ত ছুঁয়ে নিভৃত নিরলস সমাজ সেবায়, অমায়িকতায় ও সচলতায় প্রিয়তা অর্জনকারিনী সুহাসিনী সেন সুনামগঞ্জ সারদা সংঘের প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয় ভাবে জড়িত থেকে পরবর্তী সময়ে দীর্ঘদিন সভানেত্রীর দায়িত্ব পালন করেন এবং বর্তমানে প্রধান উপদেষ্টা রূপে অধিষ্ঠিত রয়েছেন। শ্রীমতি সেন লোকগীতির একজন সংগ্রাহক এবং তাঁর সংগৃহীত কিছু গীত ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগে সংরক্ষণ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি পঞ্চাশের দশকে স্ব-উদ্যোগে নিজ গ্রামে পাঠশালা প্রতিষ্ঠা করে একযুগেরও বেশী সময় শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তিনি রামকৃষ্ণ আশ্রম কার্যক্রমের সাথেও দীর্ঘদিন থেকে জড়িত রয়েছেন। সুহাসিনী সেন ১৯১৮ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি দক্ষিণ সুনামগঞ্জের দেবগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সুনামগঞ্জের প্রয়াত শিক্ষক নরেন্দ্র নাথ সেন এর সহধর্মিনী।
শততম জন্মদিন উপলক্ষে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও বিশিষ্ট নারীনেত্রী শীলা রায় শুভেচ্ছা বার্তায় বলেন, ‘শতবর্ষী সুহাসিনী সেন আজো আমাদের মধ্যে সচলভাবে অবস্থান করায় আমরা প্রাণিত এবং উজ্জীবিত বোধ করি। শততম জন্মদিনে আমি আনন্দ ও কৃতজ্ঞচিত্তে গভীর শ্রদ্ধা জানাই এবং একান্তভাবে কামনা করি তিনি যেন সুস্থ দেহে আরো দীর্ঘদিন আমাদের জীবনীশক্তির উৎস হয়ে থাকেন।’
বিশিষ্ট শিক্ষাবিদ এবং সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক পরিমল কান্তি দে শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমাদের সৌভাগ্য আমরা আজও শ্রীমতি সুহাসিনী সেন এর ¯েœহ ও আশীর্বাদ লাভ করতে পারছি। এই বয়সেও রামকৃষ্ণ আশ্রমের বিভিন্ন অনুষ্ঠানে এবং সেবা কার্যক্রমে তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করে। শততম জন্মদিনে কৃতজ্ঞচিত্তে অন্তরতম শ্রদ্ধা নিবেদন করছি এবং প্রার্থনা করি উনার নীরোগ ও সুস্থ জীবন।’
মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু শুভেচ্ছা বার্তায় বলেন, ‘শতবর্ষে পদার্পণ করেও সুহাসিনী সেন সচলতার এক প্রাণময় উদাহরণ। সামাজিকতায়, শিক্ষায়, গীত সংগ্রহ ও চর্চায় তিনি আজও অবদান রাখছেন। এমন দৃষ্টান্ত বিরল। শততম জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা এবং কামনা করি সুস্থ জীবন।’
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নৃপেশ তালুকদার নানু জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘একান্ত সামাজিক, সংস্কৃতিমনা এবং সাদামনের শতবর্ষী সুহাসিনী সেন-এর কায়িক উপস্থিতি আমাদেরকে অনেক ক্ষেত্রেই উৎসাহিত ও প্রাণিত করে। আমাদের সৌভাগ্য শতকের সাক্ষী এবং ঐতিহ্য, সংস্কৃতির অনেক উপাদান ধারণ করে তিনি আজো সচল রয়েছেন। শততম জন্মদিনে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই এবং নীরোগ জীবন কামনা করছি।’
বীর মুক্তিযোদ্ধা ও লেখক মতিউর রহমান শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শতবর্ষী শ্রদ্ধাভাজন সুহাসিনী সেন-এর অমায়িক ব্যবহার, সামাজিকতা, সচলতা আমাদেরকে মুগ্ধ করে এবং বাস্তবিক অর্থেই আমাদের বয়সী মনেও অনুপ্রেরণা যোগায়। আমি একান্তভাবে কামনা করি তিনি সুস্থদেহে দীর্ঘদিন আমাদের মাঝে অবস্থান করে প্রেরণার উৎস হয়ে থাকুন।’
সুনামগঞ্জ সারদা সংঘের সাধারণ স¤পাদিকা সীমা চৌধুরী’র শুভেচ্ছা বার্তায়, ‘আমাদের শ্রদ্ধার ভালবাসার কারো মাসীমা, কাকীমা কারো দিদিমা, ঠাম্মা সুনামগঞ্জ সারদা সংঘের প্রাক্তন সভানেত্রী বর্তমান প্রধান উপদেষ্টা শ্রীমতি সুহাসিনী সেনের শততম জন্মদিনে কবির ভাষায় বলতে ইচ্ছা করছে, ‘করুণাপাথার জননী আমার রেখো শ্রীচরণে/অভয়পদে প্রণাম জানাই তোমার জন্মদিনে।’ পরিশেষে প্রার্থনাÑ শ্রীমতি সুহাসিনী সেন লাভ করুন সুস্থ ও আরো দীর্ঘ জীবন।
শততম জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষাবিদ যোগেশ্বর দাস, বিশিষ্ট আইনজীবী কবি রোকেস লেইস, সুনামগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি’র সভাপতি সমাজসেবী বিকাশ রঞ্জন চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ স¤পাদক সালেহ আহমদ, সাবেক ব্যাংকার ও কণ্ঠশিল্পী অভিজিৎ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রনজিত দাস কটি, কবি রুহুল তুহিন, সনৎ দাস, স্বপন কুমার দাস, খেলাঘর সুনামগঞ্জ শাখার সাধারণ স¤পাদক অ্যাড. এনাম আহমদ, কবি মুর্শেদ আলম, কবি কুমার সৌরভ, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, প্রাক্তন কমিশনার আরতি তালুকদার, রূপালী এষ পম্পা প্রমুখ। শতবর্ষী এই নারীকে সুনামগঞ্জের খবর পরিবারের পক্ষ থেকে অশেষ শ্রদ্ধা।