শতভাগ পাশের দুই স্কুল

সোহানুর রহমান
এস.এস.সি পরীক্ষার ফলাফলে শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে সুনামগঞ্জের দুটি বিদ্যালয়। বিদ্যালয়গুলো হচ্ছে ছাতক উপজেলার সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ উচ্চ বিদ্যালয় ও বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয়। এছাড়াও একজন পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শতভাগ পাসের কৃতিত্ব অর্জনের সৌভাগ্য হয়নি তাহিরপুর উপজেলার বাদাঘাটের আইডিয়াল ভিশন একাডেমির। তবে এই একজনের ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করে শতভাগ পাসের সাফল্য পাবার আশা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে ২৫ জন ও বিজ্ঞান বিভাগ থেকে ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অংশ নেয়া ৭৬ জনই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৬ জন জিপিএ-৫ পেয়েছে। একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী বললেন, শতভাগ পাশ ও ভালো ফলাফলে বিদ্যালয়ে খুশীর জোয়ার বইছে। আমাদের নির্দিষ্ট পাঠ্য পরিকল্পনাই সফলতার উৎস। শিক্ষার্থীরা কখন কোন বই কতসময় পড়বে তা সব নির্দিষ্ট করে দেয়া ছিলো। আমরা বিগত বছরেও ভালো ফলাফল করেছি ।আগামীতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করে যাবো। আমাদের একজন পরীক্ষার্থী পরীক্ষার আগেই জেলা ছেড়ে চলে যাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারে নি।
একই ইউনিয়নের বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে এবার ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে সকলেই পাস করেছে।
একজনের জন্য শতভাগ পাসের কৃতিত্ব না পাওয়া তাহিরপুর উপজেলার বাদাঘাটের আইডিয়াল ভিশন একাডেমি থেকে মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে মোট ৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৫ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। এই বিদ্যালয়েও পরীক্ষায় অনুপস্থিত ছিলো একজন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো রায়হান আলী বললেন, একজন পরীক্ষার্থীর খারাপ ফলাফলে আমরা শতভাগ পাসের কৃতিত্ব পাইনি। আমরা আশা করছি পুনঃনিরীক্ষা আবেদনে এই ফলাফল পরিবর্তন হবে।