সু.খবর ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে। আগের দিনের তুলনায় এদিন প্রায় ৫০০ জন কম শনাক্ত হয়েছেন। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫২৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ১৬ হাজার ৩৩ জনের। গত এক দিনে করোনায় মারা গেছেন ১৭ জন।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনায় দেশে মোট মারা গেছেন ২৮ হাজার ২৭৩ জন। আর মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১.৬৪ শতাংশ। করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫২ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ছয়জন।
মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং চারজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে কেউ মারা যাননি।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।
গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন। তবে সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। যদিও ডিসেম্বরের মাঝামাঝি থেকে অব্যাহতভাবে বাড়ছে সংক্রমণ। অতি সংক্রামক ধরন ওমিক্রনের কারণে শনাক্ত দ্রুতগতিতে বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র : ঢাকাটাইমস


