শনির হাওরের সাহেবনগর পূর্বাংশের ক্লোজার বাঁধের প্রকল্প কমিটি এখনো হয়নি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বৃহৎ বোর ফসলী ধানের হাওর শনির হাওরের সাহেবনগর পূর্বংশের ক্লোজার বাঁধের প্রকল্প কমিটি এখনো গঠন করা হয়নি। ইতিমধ্যেই উপজেলার ছোট বড় ২৩টি হাওরের প্রায় সব ক’টি বাঁধের প্রকল্প কমিটি গঠন করা হলেও অনিবার্য কারণ বশতঃ সাহেবনগর পূর্বংশের ক্লোজার বাঁধের প্রকল্প কমিটি এখনো গঠন করা হয়নি। তবে এ প্রসঙ্গে তাহিরপুর উপজেলায় কর্মরত পানি উন্নয়ন বোর্ডের   
উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন জানান, ক্লোজার বাঁধ এলাকাটি তাহিরপুর উপজেলা অবস্থিত হলেও ভুলক্রমে এটি জামালগঞ্জ উপজেলাতে চলে গেছে। এ বিষয়ে আমরা জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি পত্র দিয়েছি। পত্রের উত্তর আসলে শিঘ্রই সাহেবনগর পূর্বংশের ক্লোজার বাঁধের প্রকল্প কমিটি গঠন করা হবে।
শনির হাওরপাড়ের কৃষক সাহেবনগর গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘গতবার এইকাইন্দ্যা শনির আউরের বাঁধডা ভাঙছিল, এইবার এহনো বান্দার খবর নাই। আল্লাই জানে বাঁধ বান্দা অইবো কিনা।’
একই গ্রামের কৃষক সাহেবনগর গ্রামের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘সাহেবনগর হইতে বগিয়ানি স্লুইসগেট পর্যন্ত বাঁধটি খুবই ঝুঁকিপূর্ণ। এ বাঁধটিতে এখনই কাজ শুরু করতে হবে।’
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব বলেন, ‘দ্রুত সাহেবনগর পূর্বংশের ক্লোজার বাঁধের প্রকল্প কমিটি গঠন করা হবে।’