শনির হাওর পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বাঁধ ভেঙ্গে ডুবে যাওয়া শনি হাওর পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোশারফ হোসেন। শুক্রবার বিকাল ৫ টায় তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে সমবেত কৃষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও এলাকার গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোশারফ হোসেন তাদের সাথে কথা বলেন।
তিনি বলেন,‘আমি ডুবে যাওয়া শনির হাওরের লালুর গোয়ালা বাঁধটি সরেজমিন ঘুরে দেখেছি। এলাকার কৃষকদের দুরাবস্থা ও ক্ষয়ক্ষতির বিষয়ে আমি অবগত হয়েছি। যথাসম্ভব আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের হাওর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক     মোহাম্মদ হামিদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আঞ্চলিক পরিচালক কৃষ্ণ চন্দ্র হোড়, খামার যান্ত্রিকিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক নাজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও সার্বিক) মঞ্জুর মোর্শেদ শাহরিয়ার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমীন, তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুছ ছালাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রঞ্জু মুখার্জি, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যায়যায়দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল শনির হাওরে ঝালখালি ও নান্টুখালি বাধ ভেঙ্গে পানিতে তলিয়ে যায় ১২ হাজার হেক্টর জমির ফসল। যার আনুমানিক মূল্য ২৫০ কোটি টাকা।