শপথ নিয়েই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মুকুট

স্টাফ রিপোর্টার
বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলায় জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন ৫৯জন জেলা পরিষদ চেয়ারম্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশারফ হোসেন, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব আব্দুল মালেক।
এদিকে শপথগ্রহণ শেষ নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
এসময় সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।              
শপথ গ্রহণ শেষে নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনাদের লক্ষ্য হবে মানুষের সেবা করা। তিনি আরও বলেন, আপনাদের নিজ নিজ জেলায় উন্নয়ন কাজ যথাযথভাবে হচ্ছে কিনা- সেদিকে খেয়াল রাখবেন। কী কী করতে আরও উন্নয়ন করা যায় সেদিকেও খেয়াল রাখবেন। আপনাদের অনেক কাজ। অনেক বাধা চড়াই উৎড়াই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়।
আগামী ১৮ জানুয়ারি এমএজি ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে শপথগ্রহণের পর পরই সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট এক প্রতিক্রিয়ায় বলেন,‘বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ার লক্ষে আমি সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে দেশ ও মানুষের সেবা করব। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজগঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করে যাব।’