শফিকুল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদের’র শোক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা আইনজীবী মো. শফিকুল আলম (৬৫) করোনায় আক্রান্ত হয়ে শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মো. শফিকুল আলম সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন।
রোববার সকালে জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে প্রথম জানাজা এবং বিকেলে তাঁর গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সেখানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে রাজনীতিবিদ শফিকুল আলম- এর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংগঠনের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এই শোক জানান তারা। বিবৃতিতে শফিকুল আলমের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার- পরিজন, আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।