সু.খবর ডেস্ক
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় মামলায় শ্রমিকনেতা (বহিষ্কৃত) আবু সরকারের ঘনিষ্ট এক ব্যক্তিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তন্মধ্যে একজনকে রবিবার সকালে এবং অপরজনকে বিকেলে গ্রেফতার করা হয়েছে। নগরীর কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ রাজু মেম্বার। তিনি আবু সরকারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত। শফিক চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় মূল হোতাদের একজন এই রাজু, এমন অভিযোগ রয়েছে। তার বাড়ি সুনামগঞ্জে। গ্রেফতার অপরজন হচ্ছেন ট্রাক শ্রমিক সাজ্জাদ।
ওসি সোহেল জানান, শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় তাঁর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম কবির বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে।
ওসি জানান, পুলিশের অভিযানে রবিবার বিকেল সোয়া ৪টার দিকে রাজু মেম্বারকে শাহপরান ব্রিজের উপর একটি সিএনজি অটোরিকশা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সাজ্জাদকে টিলাগড় থেকে গ্রেফতার করা হয়।


