সু.খবর ডেস্ক
সাংবাদিক শফিক রেহমান ও গাজীপুরের মেয়র এম এ মান্নানকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দিয়েছে বিএনপি। শফিক রেহমান ও মান্নানকে গ্রেফতারের প্রতিবাদ জানাতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ হুমকি দেন।
তিনি বলেন, সরকারের ব্যর্থতা ঢাকতেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। শফিক রেহমান ও গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শনিবার সকাল সোয়া ৮টার দিকে শফিক রেহমানকে ডিবি পরিচয়ে তার ইস্কাটনের বাসা থেকে তুলে নেওয়া হয়। পরে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার জানান, পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
রিজভী আহমেদ বলেন, ‘আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি তাদের জীবন-যাপন নিরাপদ নয়। আর যারা সরকারের অপকর্ম ও অপশাসনের খবরাখবর রেখেন তারাও নিরাপদ নয়। সরকারের সর্বশেষ নির্যাতনের শিকার হলেন শফিক রেহমান। তাকে গ্রেফতার করা সরকারের চৈতন্য লোপের শামিল।’
সরকার চারদিকে ‘ব্যর্থ’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘শফিক রেহমানকে গ্রেফতার একটি ঘৃণ্য নাটক। সরকার কোন দিক সামল দিতে পারছে না। তার মতো একজন গুণী ব্যাক্তিকে গ্রেফতার করে সরকার নিজেদের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছে। তাকে গ্রেফতারে বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। যে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানাচ্ছি।’
রিজভী বলেন, গাজীপুর থেকে ঢাকা আসার পথে রাত ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মান্নানকে গ্রেফতার করা হয়েছে।
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাভোগের পর তাকে ফের গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘বর্তমান অবৈধ সরকার নির্বাচিত প্রতিনিধিদের দেখতে পারে না। তাই গাজীপুরের নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আবার গ্রেফতার করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
এদিকে সাংবাদিক শফিক রেহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে শফিক রেহমানকে আদালতে হাজির করে পল্টন থাকার ওই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক সাক্ষ্যগ্রহণের একপর্যায়ে এ ঘটনায় শফিক রেহমানের সম্পৃক্ততা পেয়েছেন। তাই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মারুফ। মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, শফিক রেহমান ২০১৩ সালে একবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তখনই জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা করা হয় বলে তিনি (তদন্ত কর্মকর্তা) জানতে পেরেছেন। এ মামলার তদন্ত কার্যক্রমের তত্ত্বাবধানকারী কর্মকর্তা ডিবির উপ-কমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, ২০১৫ সালের আগস্ট মাসে দায়ের হওয়া অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলার তদন্ত করছে ডিবি। এতে শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান জানান, ডিবি পরিচয়ধারীরা নিজেদের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য সাক্ষাৎকার নেয়ার কথা বলে সাংবাদিক পরিচয় দিয়ে বাসায় ঢুকে।
তবে বাসায় ঢোকার পরপরই নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দিয়ে তাদের সঙ্গে শফিক রেহমানকে যেতে বলেন।
এ সময় বাসার বাবুর্চি তাদের বাধা দিলে তাকে মারধর করে ডিবি সদস্যরা। পরে তারা শফিক রেহমানকে নিয়ে যায় বলে জানান তালেয়া।


