সু.খবর ডেস্ক
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পয়লা মে রবিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। ওই দিন বেলা দুইটায় আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, পহেলা মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার অনুমতি দেয়া হয়েছে। এর আগে গণপূর্ত মন্ত্রণালয় সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দিয়েছিল।
সমাবেশের অনুমতির জন্য পুলিশের দেয়া বিভিন্ন শর্তের কথা রিজভী সংবাদ সম্মেলনে জানাননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কিছু শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- বেলা ২টায় শুরু করে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করতে হবে; মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না; সমাবেশের নির্ধারিত সময়ের আগে উদ্যান বা তার আশপাশের রাস্তায় সমবেত হওয়া যাবে না প্রভৃতি।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জন্মলগ্ন থেকে বিএনপি যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস পালন করে আসছে। এ বছর জাতীয়তাবাদী শ্রমিক দল দিবসটিতে সমাবেশের প্রস্তুতি নিয়েছে। সমাবেশ সফল করতে বিভিন্ন ইউনিটে প্রস্তুতি সভা করেছে শ্রমিক দল।
এর আগে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ঘোষণা দিয়েছেন, ১ মে বিএনপির সমাবেশ হবে স্মরণকালের বৃহত্তম। সমাবেশ সফল করতে ইতিমধ্যে যৌথ সভা করেছে বিএনপি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম উপস্থিত ছিলেন।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের ১৫ দিন পর ২০১৪ সালের ২০ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সর্বশেষ সমাবেশ হয় খালেদা জিয়ার।


