শহরবাসী বিদ্যুৎ বিপর্যয়ে পিডিবি’র অদায়িত্বশীল কাণ্ড

শহীদ নূর আহমদ
‘বুধবার রাত কোন বজ্রপাত বা বৃষ্টি হয়নি। আবাহওয়া ভাল থাকা সত্ত্বেও রাতে কতবার যে বিদ্যু আসা যাওয়া করছে তার ইয়ত্তা নেই। বৃহস্পতিবার সকালে কিছু সময় বিদ্যুৎ ছিলো। কিন্তু রাত ৮ টা হয়ে গেলো বিদ্যুতের দেখা নাই। কোন মাইকিং প্রচার প্রচারণা ছাড়াই দীর্ঘ সময় ধরে এলাকাকে বিদ্যুৎহীন রাখা ঠিক হচ্ছে? অসহ্য গরম। বিদ্যুৎ না থাকায় পানি তুলা যাচ্ছে না। কি কারণে বিদ্যুতের এমন অবস্থা জানতে চাওয়ার চেষ্টা করেছিলাম, পিডিবি’র টেলিফোন কেউ ওঠায় না। বৃহস্পতিবার রাত ৮ টায় প্রতিবেদককে এসব কথা বলেন শহরের পশ্চিম তেঘরিয়া এলাকার আজহারুল ইসলাম টিটু । এই অবস্থা ছিল বুধবার রাত থেকে শহরের বিভিন্ন এলাকায়।
বুধবার রাতে আবহাওয়া ভাল থাকা সত্বেও সারা রাতই অন্ধকারে ছিলেন শহরের অনেক এলাকার বাসিন্দারা। পূর্বের কোন প্রচার ছাড়াই দিনের পুরাটা সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখায় বিপাকে পড়েন পৌরসভার বাসিন্দারা। খাবার পানি ও  ব্যবহার্য পানি ওঠাতে পারেন নি অনেকেই। বন্ধ থাকে সবচেয়ে প্রয়োজনীয় মোবাইলটি। দীর্ঘক্ষণ  বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা মাছ, মাংসসহ খাবার দাবার নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ সংশ্লিষ্ট কল-কারখানা, ওয়ার্কসপ সব কিছুরই কাজকর্ম বন্ধ ছিল।
অফিস-আদালত, ব্যাংক, ব্যবসায়ি প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।
সমস্যার বিষয়ে জানতে চাইলে একাধিকবার বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীলদের মুঠোফোনে চেষ্টা করলেও কেউ মুঠোফোন রিসিভ করেননি। নির্বাহী প্রকৌশলী’র মুঠোফোনও রাত সাড়ে ৮ টা পর্যন্ত বন্ধ পাওয়া যায়।
মল্লিকপুরের বাসিন্দা সোহেল মিয়া বলেন, রাতেও বিদ্যুৎ ছিল না। সারা দিনেও বিদ্যুৎ আসেনি। কোন আগাম প্রচার ছাড়া মানুষকে কষ্টের মধ্যে রাখা অমানবিক কাজ।
পল্লী বিদ্যুতের জিএম মো. সোহেল পারভেজ বলেন, ‘জাতীয় গ্রীডে কিছুটা সমস্যা হয়েছিল। আমাদের ২০ মেগাওয়াটের প্রয়োজন, দিয়েছে ৪ মেগাওয়াট। পিডিবিকে এর মধ্যেই দেড় মেগাওয়াট দিয়েছি আমরা। পিডিবি ছাতক গ্রীড স্টেশন থেকে তাদের প্রাপ্য বিদ্যুৎ আমাদের লাইনে আনতে পারলে সমস্যা কম হতো, কিন্তু তারা সেটি পারেননি।’
সুনামগঞ্জ পিডিবি’র সহকারী প্রকৌশলী তারেক আহমদ বলেন, ‘ছাতক-সুনামগঞ্জের ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ডাবর রিভার কোচিং টাওয়ারের পরের খুঁটিতে ডিস্কইন্সুলেটর ভেঙে পানিতে পড়ে গেছে। একই সঙ্গে লাইনের তারও পড়েছে। আমরা অফিসের সকলেই (রাত ৯ টা পর্যন্ত) ওখানেই কাজে রয়েছি। আশা করছি ২ ঘণ্টার মধ্যে ত্রুটি সারানো সম্ভব হবে। আমরা চেষ্টা করছি। পল্লী বিদ্যুতের লাইনে ছাতকের গ্রীড স্টেশন থেকে আমাদের বিদ্যুৎ দেয়নি।’ তিনি জানান, রাত ৯ টায়ও আমরা জেনেছি জাতীয় গ্রীডে কিছুটা সমস্যা হচ্ছে। এজন্য রাতে মাইক বের করে বিষয়টি জানানো হয়েছে। এসব বিষয় দিনে জানালেন না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দিনে জানালে ভাল হতো।’
এদিকে রাতে শহরের কিছু কিছু এলাকায় বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা বিক্ষোভ মিছিল করেছেন।