শহরের মৌ ফ্যাশনে চুরি

স্টাফ রিপোর্টার
শহরের প্রাণকেন্দ্র ডিএস রোডের রেডিমেড কাপড়ের অভিজাত বিপণী  ‘মৌ ফ্যাশনে’ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন মৌ ফ্যাশনের মালিক আব্দুস সামাদ। খবর পেয়ে দুপুরে মৌ ফ্যাশন পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
চোরেরা মৌ ফ্যাশনের একটি কম্পিউটার, নগদ ৮১ হাজার ৫৯০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের দামী কাপড়সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। দোকানের পেছনের           টয়লেটের ভেন্টিলেটার ও দরজা ভেঙে দোকানে প্রবেশ করেছিল চোর চক্র।  
মৌ ফ্যাশনের মালিক আব্দুস সামাদ জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাত প্রায় ১০ টার সময় দোকানের ম্যানেজার ধনঞ্জয় তালুকদার দোকান তালাবদ্ধ করে তার হাসননগরের বাসায় চলে যান। মঙ্গলবার সকাল ১০ টায় দোকানের গ্রিল ও সাটার খোলে দেখতে পান একটি ডেল কম্পিউটার নেই। দোকানের ভেতর সকল কাপড়-চোপড় এলোমেলা। পেছনের টয়লেটের দরজা ও ভেন্টিলেটার ভাঙা। পরে দোকানের ম্যানেজারের মাধ্যমে চুরির খবর পেয়ে তিনি বাসা থেকে দোকানে আসেন।
আব্দুস সামাদ জানান, চোরেরা তার দোকান থেকে একটি সফটওয়ার সংযুক্ত প্রায় ১লাখ টাকা দামের ডেল কম্পিউটার, দোকানের ক্যাশবাক্সে রাখা ৮১ হাজার ৫৯০ টাকা, দোকানের ভেতর থেকে দামী সার্ট, প্যান্ট,বোরকা, থ্রীপিছ, জেকেট, শাড়ি, লুঙ্গি, লেহেঙ্গাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। চুরির বিষয়টি বাজারের ব্যবসায়ী সমিতি, চেম্বার অব কমার্সের সভাপতিকে অবগত করেছেন এবং সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।  
সদর থানার ওসি (তদন্ত) মাসুক মিয়া বলেন,‘মৌ ফ্যাশনে চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। দোকানটি পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে’