শহরের যানজট কমাতে পুলিশী তৎপরতা বৃদ্ধি

আকরাম উদ্দিন
ঈদের আর মাত্র ৬দিন বাকী। ঈদের বাজারের কেনাকাটার পাশাপাশি শহরের যান জটের পরিমাণও বেড়ে চলেছে দিনে দিনে। এই যানজট নিরসনে পুলিশ প্রশাসন শহরের ট্রাফিক পয়েন্ট, সুরমা মার্কেট, কালীবাড়ি রোড, স্টেডিয়াম রোডে ট্রাফিক পুলিশ মোতায়েন করেছে। তারপরও এসব জায়গায় যানজট বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন পথচারীরা।
এসব স্থানে যানজট বৃদ্ধি পাওয়ার কারণ হিসাবে রয়েছে ফুটপাতের রাস্তা বন্ধ করে অস্থায়ী সবজির দোকান, ফলের দোকান, কাপড়ের দোকান ও চায়ের দোকান স্থাপন করা মূল কারণ। জনচলাচল রাস্তা বন্ধ হওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন একাধিক পথচারী। শহরে এমন যানজটের কারণে প্রতিনিয়ত সম্যায় পড়ছে নানা শ্রেণী পেশার মানুষ।
শহরের হালুয়ারঘাট, নবীনগর, ষোলঘর ও কাজির পয়েন্ট এলাকায় চলাচলকারী অটোরিক্সা স্ট্যান্ড ব্যবহার হয়ে আসছে মহিলা কল্যাণ কেন্দ্রের পাশের রাস্তা ও স্টেডিয়ামের সামনের রাস্তা। ইদানিং উকিলপাড়া পয়েন্ট থেকে শুরু করে বালুর মাঠের পাশের ফল ও সবজির  দোকান, জুবিলীর সামনের হাবিবের চায়ের দোকান, শিশুকল্যাণ কেন্দ্রের সামনের ফলের ও চায়ের দোকান, অস্থায়ী কাপড়ের দোকান, আম-কাঠাঁলের দোকান, জেলা প্রশাসকের বাসবভনের সামনে এবং পুরাতন জজকোটের বিভিন্ন স্থানের দোকানপাট এবং বেজে মহিলাদের পাতানো ব্যবসা সাজিয়ে রাখায় রাস্তার এক পাশ দখল দখল হয়ে পড়েছে।
শহরের আপ্তাবনগর ও হাছননগর এলাকায় যাতায়াতকারী অটোরিক্সা কালীবাড়ির পয়েন্ট স্ট্যান্ড হিসাবে ব্যবহার করে আসছেন। কালীবাড়ি ও ট্রাফিক পয়েন্ট এলাকায় ফুটপাতে রয়েছে অসংখ্য সবজির দোকান ও ফলের দোকান। দোজা মার্কেটের সামনে রয়েছে অসংখ্য মোটর বাইকের স্ট্যান্ড। পশ্চিম বাজার থেকে আগত অটোরিক্সা এই স্থানে প্রবেশ করায় যানজটের সৃষ্টি হয়।
মধ্যবাজার এলাকায় সুরমা মার্কেটে প্রবেশের চৌরাস্তায় রয়েছে অস্থায়ী সবজির দোকানসহ ফলের দোকান। এছাড়াও সুরমা মার্কেট এলাকায় পশ্চিমবাজার থেকে আসা অটোরিক্সার প্রবেশের কারণে এবং মালবাহী ট্রাক ও মিনি ট্রাকের প্রবেশের কারণে যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে।
শহরের জামাইপাড়া এলাকা এবং পুরাতন বাসস্ট্যান্ডে যাতায়াতকারী অটোরিক্সা ও সিএনজি এবং এলাপাতারি বাস ও মাইক্রোবাস এবং দূরপাল্লার গাড়ির স্ট্যান্ড থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয় লোকজন। পুরাতন বাসস্ট্যান্ডের সকল বড় বড় গাড়িগুলোকে অস্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানান পথচারীরা। পুরাতন বাসস্ট্যান্ড এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশের ফুটপাতের রাস্তা দখলমুক্ত হলে যানজট অনেকটা কমিয়ে আসবে বলে সচেতনমহল অভিমত ব্যক্ত করেছেন।
পথচারী নিজামুল হক বলেন, ‘বেশিরভাগ রিক্সাওয়ালারা যানজট সৃষ্টি করে। ভাড়াও লও বেশি। তাদের অনেকেই ব্যবহারও খারাপ করে। যাত্রীদের কাছ থেকে অপমান করে বেশি ভাড়া আদায় করে।’
মহিলা কল্যাণ কেন্দ্র রোডের সিএনজি ড্রাইভার মো. শহীদুল ইসলাম বলেন, ‘ফুপাতের দোকানের কারণে গাড়ি ঘুরিয়ে আনতে সময় লাগে এতে যানজটের সৃষ্টি হয়।’  
অটোরিক্সা ড্রাইভার এমরান হোসেন বলেন, ‘বাইরে থেকে আসা অটোরিক্সার কারণে শহরে যানজট সৃষ্টি হচেছ। বাইরের অটোরিক্সা শহরে প্রবেশ নিষেধ করতে হবে। তবেই যানজট কমে আসবে।’
কালীবাড়ি পয়েন্টের কমিউনিটি পুলিশ নজরুল ইসলাম বলেন, ‘শুধু অটোরিক্সা নয়, রিক্সা উল্টোদিক থেকে চলে আসায়ও লেগে যায় যানজট। তাছাড়া যেখানে সেখানে মোটরবাইক রেখে যাওয়ায় ফুটপাতের রাস্তা বন্ধ হয়, পরে যানজটের সৃষ্টি হয়।’
ট্রাফিক সার্জেন্ট সালাউদ্দিন কাজল বলেন, ‘ঈদ উপলক্ষে জনবল বৃদ্ধি করে ৯জনের পরিবর্তে এখন ২২জনে কাজ করছি। এরমধ্যে ৬জন অফিসার আছেন। যানজটের সৃষ্টি করছে বেশিরভাগ সাধারণ রিক্সা। আমরা আগামী রবিবার থেকে আরও সতর্ক থাকবো যাতে শহরের কোনো স্থানে যানজট সৃষ্টি না হয়।’