শহরে গীর্জায় চুরি

স্টাফ রিপোর্টার
শহরের হাছননগরে খ্রিস্টান সম্প্রদায়ের টাউন চার্চে (গীর্জা) চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। চোরেরা সোমবার রাতে চার্চের পশ্চিমের একটি দরজা খোলে প্রায় ২৪ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এঘটনায় টাউন চার্চের সম্পাদক অনিসিমাস চৌধুরীর পক্ষ থেকে বিষয়টি সুনামগঞ্জ সদর পুলিশকে লিখিতভাবে অবগত করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকালে চার্চের সদস্যরা দেখতে পান চার্চের দরজা খোলা। ভেতরে বাইবেল, অন্যান্য ধর্মীয় গ্রন্থ এবং দানপত্রসহ নানা জিনিসপত্র ছড়ানো ছিটানো। চার্চের ১টি পিতলের ঘণ্টা, ৬টি ক্যান্ডেল স্ট্যান্ড, ১টি সিলিং ফ্যান, একটি সোলার সিস্টেম, ৬টি এনার্জি বাল্ব, টেবিল ক্লথ সহ নানা মূল্যবান জিনিসপত্র নেই। চোরেরা চার্চের বিদ্যুতের আর্থিং তার কেটে, চার্চের ভেতর ও বাইরের সুইস ভেঙে রেখে যায়। চার্চের সম্পাদকের ধারণা সোমবার রাতে চোরেরা টাউন চার্চের দরজা খোলে প্রবেশ করে এসব মালামাল নিয়ে গেছে। চার্চের পক্ষ থেকে আরো জানানো হয়, দুই বছর আগে একইভাবে চার্চের অনেক মালামাল চুরি হয়েছিল।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, টাউন চার্চে চুরি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। চার্চের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।