শহরে মাদকবিরোধী দিবস পালন

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন উপলক্ষে গতকাল রোববার সুনামগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে শহরের বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
সকাল ১১ টায় শহরের ডিএস রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন  শেষে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ, পুলিশ সুপা মো. হারুন অর রশিদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ পরিচালক জাকির হোসেন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, মাদক সমাজের সব অশান্তির মূল। মাদক থেকে আমাদের সাহসি-সৃজনশীল তারুণ্যকে মুক্ত রাখতে হবে। এ জন্য মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।